২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কাই নেই: মন্ত্রী

দেশে খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কার কথা জানানোর একদিন পরই খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, এ ধরনের সংকটের কোনো আশঙ্কাই নেই। পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 01:02 PM

Updated : 25 Aug 2022, 01:46 PM

ঢাকা, জুলাই ১২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কার কথা জানানোর একদিন পরই খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, এ ধরনের সংকটের কোনো আশঙ্কাই নেই। পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ কথা বলেন। বৃহস্পতিবার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেছিলেন, বর্তমানে দেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে। তবে আগামী অক্টোবর-নভেম্বরের দিকে কিছুটা সংকট দেখা দিতে পারে। এ কারণেই তিন লাখ টন চাল ও আট লাখ টন গম আমদানির প্রক্রিয়া শুরু করা হয়েছে। সাংসদ শাহরিয়ার আলমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, দেশে খাদ্য সংকট দেখা দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার এ বিষয়ে সম্পূর্ণ সজাগ রয়েছে। খাদ্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে সরকার। তিনি বলেন, চালের ওপর নির্ভরতা কমাতে সরকার গমের ওপর গুরুত্ব দিচ্ছে। আন্তজাতিক বাজার ও প্রতিবেশি দেশে চালের দাম বাংলাদেশের তুলনায় বেশি বলে চালের মূল্য অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। গমের দামও চালের মূল্যের চেয়ে কম। সেজন্য আগামীতে সরকারের টিআর ও কাবিখা প্রকল্পে চালের পরিবর্তে গম দেওয়া হবে। চালের দাম বাড়ার কারণ সম্পর্কে আব্দুর রাজ্জাক জানান, আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধি, হাওড় অঞ্চলে খাদ্য উৎপাদন হ্রাস এবং চালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চালের মূল্য বেড়েছে। তবে এতে শঙ্কার কিছু নেই। দেশের বিভিন্ন গুদামের ৪ লাখ ৭০ হাজার টন চাল মজুদ রয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে আরও ১ লাখ ৪০ হাজার টন চাল। গমের মুজদ রয়েছে সব মিলে ৭ লাখ মেট্রিক টন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে দিনের কর্মসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এসব তথ্য সংসদকে জানান। সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার লিখিত প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী আরো জানান, ২০১০-২০১১ অর্থবছরে সাড়ে ৩ লাখ মেট্রিক টন গম ও ১ লাখ মেট্রিক টন চাল আমদানির আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও চাল ও গম আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণভাবে বোরো সংগ্রহ ২০১০-এর আওতায় চাল সংগ্রহ কার্যক্রম চলছে। এ পর্যন্ত ৪ দশমিক ৯৩ লাখ মেট্রিক টন চালের চুক্তিপত্র সম্পাদিত হয়েছে। সম্পাদিত চুক্তির বিপরীতে ২ লাখ ৭৫ হাজার ৫১ টন চাল সংগ্রহ হয়েছে। এসব পদক্ষেপ সরকারের মজুদ ভান্ডার উল্লেখযোগ্য পরিমাণ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৫৭ ঘ.