চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ছাত্রলীগ সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০টি পদের সবকটিতেই জয়ী হয়। এতে সহ-সভাপতি পদে ছাত্রলীগের দীপঙ্কর দাশ ৭৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দ্বী ছাত্র ইউনিয়নের সুব্রত দে পেয়েছেন ২১৩ ভোট। সহ-সভাপতি পদে ছাত্রশিবিরের কোনো প্রার্থী ছিলনা।
সাধারণ সম্পাদক পদে একই সংগঠনের মফিজুর রহমান পেয়েছেন ৬৬৮ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের আব্দুল জলিল পান ৩৬৭ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. ঝুলন দাশশর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো গোলযোগ ছাড়াই সকাল ৮টা থেকে দুপুর দুইটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
এবার এক হাজার ২৯৯ জনের মধ্যে এক হাজার ১২২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করে বলে তিনি জানান।
নির্বাচন কমিশনার আরও জানান, সন্ধ্যা ছয়টার দিকে ঘোষিত ফলাফলে ছাত্রলীগ পূর্ন প্যানেলে জয়ী হয়।
নির্বাচনে একমাত্র ছাত্রলীগ ২০টি পদে পূর্ণ প্যানেলে অংশগ্রহণ করে। এর বাইরে ছাত্র ইউনিয়ন সহ-সভাপতিসহ ৮টি পদে ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে ছাত্রশিবির প্রার্থী দিলেও কোনো পদে জয়ী হতে পারেনি।
চার বছর পর অনুষ্ঠিত এবারের নির্বাচনে ছাত্রদল নির্বাচনে অংশ নেয়নি। সর্বশেষ ২০০৫ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল পূর্ণ প্যানেলে জয়ী হয়েছিল।
নির্বাচন উপলক্ষে চমেক ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩২২ ঘ.
bdnews24