ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীর্ষ নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মেহেদি হাসানকে মারধরের ঘটনায় রোববার বিকালে জাহিদ হাসান নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী সোহেল রানা ও জাহিদ শুক্রবার রাতে মেহেদির উপর হামলা করে। ওই ঘটনায় উভয়কে আসামী করে মেহেদি শনিবার শাহবাগ থানায় একটি মামলা করেন।
এদিকে সোহেল রানা ও জাহিদকে হল ত্যাগের জন্য দুপুরে নোটিশ দিয়েছে হল প্রশাসন।
ঘটনা তদন্তে হলের আবাসিক শিক্ষক ড. আব্দুস সবুর খানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. বায়তুল্লাহ কাদেরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেল ও জাহিদ হলের বৈধ শিক্ষার্থী নয়। তাই তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার তদন্তের স্বার্থে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামী সোহেল রানাকে খোঁজা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৩৬ ঘ.
bdnews24