২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জামায়াত-শিবিরের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

শেরপুর জেলা জামায়াতের আমির ডা. শাহাদাত হোসেইন ও সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেনসহ ২৪ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 03:24 PM

Updated : 25 Aug 2022, 01:41 PM

শেরপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর জেলা জামায়াতের আমির ডা. শাহাদাত হোসেইন ও সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেনসহ ২৪ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। রোববার বিকালে মুখ্য বিচার বিভাগীয় জ্যেষ্ঠ হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপুর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন সাত দিনের তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, গত ১ জুলাই জেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা শেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় শেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপপরিদর্শক সজীব খান বাদি হয়ে দ্রুত বিচার আইনের ৪ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। পরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেনসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে আদালতের নির্দেশে ৯ জনকে জেলা কারাগারের গেটে এবং চারজনকে এক দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই মামুন। মামলার অভিযোগপত্রে তালিকাভুক্তদের ২৪ জনের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারীসহ ১৫ জন জেলা কারাগারে আটক রয়েছেন। এছাড়া জেলা আমিরসহ নয় জন পলাতক আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/২১২০ ঘ.