২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকল মালিকদের কর্মসূচি স্থগিত

সরকারের শীর্ষ পর্যায়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সরকারি গুদামে চাল সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি ১২ ঘন্টার মধ্যেই স্থগিত ঘোষণা করেছে চালকল মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 01:34 PM

Updated : 25 Aug 2022, 01:41 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকারের শীর্ষ পর্যায়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সরকারি গুদামে চাল সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি ১২ ঘন্টার মধ্যেই স্থগিত ঘোষণা করেছে চালকল মালিকরা। বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মালিক সমিতির আহ্বায়ক কেএম লায়েক আলী রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কর্মসূচি স্থগিত করার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে সমিতি কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, সোমবার থেকেই সমিতির সদস্যসহ সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি করেছে এমন সব চালকল মালিক সরকারি গুদামে চাল সরবরাহ করবে। তবে সরকার প্রতিশ্র"তি রক্ষা না করলে ভবিষ্যতে সমিতি আবারও আন্দোলনে যেতে পারে। খাদ্য মন্ত্রণালয় ঘোষিত প্রণোদনা নীতিমালা সংশোধন এবং চলতি সংগ্রহ অভিযানে সরবরাহ করা পুরো চালের ওপর কেজিপ্রতি তিন টাকা হারে প্রণোদনা দেওয়ার দাবিতে রোববার থেকে সংগঠনটি আন্দোলন শুরু করে। দেশের সকল সরকারি গুদামে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য চাল সরবরাহ বন্ধ ঘোষণা করেছিল। লায়েক আলী বলেন, "আমরা বিশ্বাস করি, সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। সরকার তাদের দাবি মেনে নিলে নির্ধারিত সময়ের মধ্যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।" লায়েক আলী জানান, দেশের ১৭ হাজার চালকল মালিকের মধ্যে আট হাজার সরকারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি করেছে। অন্যরা চুক্তি করেনি, তারা চুক্তি করবেনও না। গত ১৫ মে থেকে দেশের সরকারি গুদামে চাল সরবরাহের জন্য চালকল মালিকদের সঙ্গে চুক্তি করে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। সরকার প্রাথমিকভাবে ১২ লাখ টন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও শেষ পর্যন্ত তা থেকে সরে আসে। বর্তমানে সরকার ছয় লাখ টন বোরো সংগ্রহ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/প্রতিনিধি/এসএএ/এইচএ/২০৩৩ঘ.