খুলনা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূণিঝড় আইলার আঘাতে বিধ্বস্ত বেড়িবাঁধ মেরামতসহ ১১ দফা খুলনা ঘোষণা বাস্তবায়নের দাবি জানিয়েছে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় সম্মেলন।
শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন ও হিউম্যানিটি ওয়াচ এর উদ্যোগে এই সম্মেলন হয়। সম্মেলনে এই ১১ দফা খুলনা ঘোষণা গ্রহণ করা হয়েছে।
১১ দফার অন্য দাবিগুলোর মধ্যে আরো আছে- উপকূলীয় বেড়িবাঁধ ব্যবস্থাপনায় স্বতন্ত্র নীতিমালা প্রণয়ন, বেড়িবাঁধের অভ্যন্তরে নোনা পানি ঢোকানো নিষিদ্ধ করা, উপকূলীয় কৃষি রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জোয়ারাধার প্রতিষ্ঠাসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি রোধে অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি গ্রহণ।
খুলনা নগরীর জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে সহযোগিতা করেছে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল)।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ডিন ড. দিলীপ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আলোচনা করেন- অধ্যাপক আনোয়ারুল কাদির, জেলা আইনজীবী সমিতির সাবেক নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল মান্নান, ড. এম শফিকুর রহমান, ড. মনিরুল ইসলাম, ড. নাজমুল আহসান, ড. শামীম মাহবুবুল হক প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য সোহরাব আলী সানা ও ননী গোপাল মণ্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাইফুদ্দিন শাহ্্, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাখনলাল দাশ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জমির উদ্দীন আহমেদ, সিএসআরএল-এর আহ্বায়ক ড. আহসান উদ্দীন আহমেদ, অক্সফ্যাম-এর পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার জিয়াউল হক মুক্তা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24