২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুতের ৪ সদস্যের তিন দিনের রিমান্ড

সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় শুক্রবার রাতে ক্রিসেন্ট রোড থেকে গ্রেফতার হিযবুত তাহরীরের ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন হেফাজত পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 03:34 PM

Updated : 25 Aug 2022, 01:37 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় শুক্রবার রাতে ক্রিসেন্ট রোড থেকে গ্রেফতার হিযবুত তাহরীরের ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন হেফাজত পেয়েছে পুলিশ। কলাবাগান থানার উপপরিদর্শক নাজমুল আহসান শনিবার দুপুরে তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম আবদুল মজিদ তাদের পক্ষে হেফাজত বাতিল ও জামিন আবেদন নাকচ করে তিন দিনের হেফাজত মঞ্জুর করেন। যাদেরকে হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে তারা হলেন, চাঁদপুরের হাজীগঞ্জ থানার লাউয়াপাড়া গ্রামের মো. নাছির উদ্দিন মজুমদার জিলানী (২৪), পটুয়াখালীর রাঙ্গাবলীর ফুলখালী গ্রামের রাকিবউদ্দিন আহমেদ (৩৫), চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদের ১০৯৬ নম্বর জাকির হোসেন লেনের নূর মোহাম্মদ (২৪) এবং চাঁদপুরের নিউ ট্রাংক রোডের বটতলা এলাকার শেখ ওমর শরীফ রাসেল। হেফাজতের আবেদনে বলা হয়, আসামিরা দেশের বিভিন্ন জায়গা থেকে হিযবুত তাহরীরের সদস্যদের জড়ো করে গোপনে দেশে নাশকতা মূলক কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ লক্ষ্যে তারা কলাবাগানে ক্রিসেন্ট রোডে ১৪০ নম্বরের ভাড়া বাড়িতে বসে সভায় মিলিত হয়েছিলেন। খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ সেখানে যায়। এ সময় একলাস হেসেন এবং ফয়জুর রহমান টিপু নামের দুই হিযবুত তাহরীর সদস্য পালিয়ে যায়। আবেদনে উল্লেখ করা হয়, এ সময় পুলিশ বিভিন্ন জিহাদী পুস্তক ও সংগঠনের প্রচারপত্র সভাস্থল থেকে উদ্ধার করে। কলাবাগান থানার উপপরিদর্শক মো. আতাউর রহমান বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন। পলাতক সদস্যদের গ্রেফতার এবং হিযবুত তাহরীরের গোপন কার্যক্রম সম্পর্কে আরো তথ্য জানার জন্য হেফাজতে নিয়ে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়। হেফাজতের এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন আদালত পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক রতন শেখ। গত শুক্রবার হিযবুত তাহরীরের পরামর্শক ঢাকা বিশ্বদ্যিালয়ের অধ্যাপক সৈয়দ গোলাম মাওলাকে তিন দিনের হেফাজত মঞ্জুর করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/২১২৮ ঘ.