ঝিনাইদহ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, কারাগার শুধু অপরাধীদের সাজা দেওয়ার স্থান নয়। আধুনিক সমাজ ব্যবস্থায় অপরাধীদের সংশোধনাগার হচ্ছে কারাগার।
শনিবার দুপুরে ঝিনাইদহে নবনির্মিত কারাগারের উদ্বোধন শেষে এক সভায় তিনি এ কথা বলেন।
সাহারা খাতুন বলেন, "সরকার কারাগার ও বন্দিদের সমস্যা সমাধানে বদ্ধ পরিকর। কারা অভ্যন্তরে বন্দিদের যুগোপোযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে তারা সাজার মেয়াদ শেষে বাড়ি ফিরে কাজ করে খেতে পারে।"
সাড়ে ৯ একর জমির ওপর ১৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে কারাগারটি নির্মিত হয়েছে। এর বন্দি ধারণ ক্ষমতা ২ শ জন।
সব অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে মানব সেবার দায়িত্ব নিয়ে কাজ করার জন্য কারা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহবান জানান মন্ত্রী।
তিনি বলেন, "কারা বিভাগকে একটি মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করা হবে।"
আগামী তিন বছরের মধ্যে পুলিশ বাহিনীতে ৩২ হাজার লোকবল নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, কারা কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যার সমাধান, প্রতি থানায় দুটি করে গাড়ি, নদী এলাকায় স্পিডবোট প্রদান এবং প্রতি উপজেলায় একটি করে ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপনের কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
সভায় সভাপতিত্ব করেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আশরাফুল ইসলাম খান।
বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল হাই, সাংসদ শফিকুল ইসলাম অপু, আব্দুল মান্নান, শফিকুল আজম খাঁন, নুর জাহান বেগম, জেলা প্রশাসক রমা রানী রায়, সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ কেএমএস/১৬১৪ ঘ.
bdnews24