২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার অবস্থার কিছুটা উন্নতি

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে শুক্রবার সন্ধ্যার দিকে। সকাল থেকে তার অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 01:35 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে শুক্রবার সন্ধ্যার দিকে। সকাল থেকে তার অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল। সন্ধ্যায় মান্নান ভূঁইয়ার চিকিৎসক বজলুল গনী ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সন্ধ্যা ৬টার পর মান্নান ভূঁইয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার শরীরের তাপমাত্রাও কমে এসেছে। এখন তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে।'' দুপুরে এই তাপমাত্রা ছিলো ১০২ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো জানান, মান্নান ভূইয়ার অক্সিজেন গ্রহণের ক্ষমতাও দুপুরের তুলনায় বেড়েছে। দুপুরে শতভাগ অক্সিজেন গ্রহণ করতেন লাইফ সাপোর্টে কৃত্রিম যন্ত্রের মাধ্যমে। সন্ধ্যায় তা কমে ৮৫ ভাগে নেমে এসেছে। গত দুদিন কৃত্রিম যন্ত্রের মাধ্যমে তাকে ৭০-৮০ ভাগ অক্সিজেন দেওয়া গেলেও সকাল থেকে শতভাগ অক্সিজেন দিতে হয়েছে বলে চিকিৎসক দুপুরে জানিয়েছিলেন। বজলুল গনী জানান, মান্নান ভূঁইয়ার রক্তচাপ সন্ধ্যার পর ছিল ৭০ ও ১৮০। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়ার অবস্থা পর্যালোচনা করতে বৃহস্পতিবার রাতে জরুরি ভিত্তিতে ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা দুই দফায় স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মান্নান ভূঁইয়ার অবস্থা পর্যবেক্ষণ করেন। সাবেক এই বিএনপি নেতার ব্যক্তিগত চিকিৎসক বজলুল গনী ভূঁইয়া শুক্রবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের জানিয়েছিলেন, মেডিকেল বোর্ড কিছু ওষুধ পরিবর্তন করেছে। কিন্তু এখনো তার অবস্থার কোনো উন্নতি হয়নি; অবস্থা আশঙ্কাজনক। এ সময় তিনি মান্নান ভূঁইয়ার আশু আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক এই মন্ত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। এরপর রাত ৮টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসের চিকিৎসার জন্য গত ৩১ মে মান্নান ভূঁইয়া সিঙ্গাপুর যান। সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তার পরিবারের সদস্যরা জানান, ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য সিঙ্গপুরে তার দেহে মোট আটটি কেমোথেরাপি দেওয়া হয়। সর্বশেষ কেমোথেরাপি দেওয়ার পর থেকে তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ টো হ্যাং চেং ও সার্জন টি অ্যাগেস্টাইনের তত্ত্বাবধানে গত জানুয়ারি মাস থেকে তার চিকিৎসা চলছিলো। এ চিকিৎসার জন্য তিনি দুই দফা সিঙ্গাপুর যান। সর্বশেষ চিকিৎসা শেষে গত ৩০ এপ্রিল দেশে ফিরেছিলেন তিনি। চারদলীয় জোট সরকারের প্রভাবশালী এই মন্ত্রী টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২১৪ ঘ.