রংপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রংপুরে গ্রেপ্তার ১৬৭ জনের মধ্যে আটজনকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও শিক্ষা মন্ত্রণালয় তা স্থগিত করে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি কমিটি করেছে।
সারা দেশে এক লাখ ৩২ হাজার চাকরিপ্রার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।
শুক্রবার বিকালে রংপুরের বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে চিহ্নিত আটজনকে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় পুলিশ।
শুনানি শেষে হাকিম তোফাজ্জল হোসেন তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে জানিয়েছেন মামলার বাদি ও তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।
বাকি সবাইকে রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া পুলিশ পাহারায় তাদের সন্ধা সাড়ে ৬ টায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আগেরদিন জেলার গঙ্গাচড়া উপজেলার বেসরকারি পর্যটন কেন্দ্র ভিন্ন জগত এর গেস্ট হাউসে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। উদ্ধার করে প্রশ্নপত্রের ফটোস্ট্যাট করা কয়েক শ' কপি, উত্তরপত্র, ফটোস্ট্যাট মেশিন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই চাকরিপ্রার্থী। বিভিন্ন জেলার এসব চাকরিপ্রার্থী টাকার বিনিময়ে ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহের জন্য গঙ্গাচড়ায় এসেছিলো। এদের মধ্যে ২৫ জন মহিলাও রয়েছেন।
এ ঘটনায় শুক্রবার সকারে গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ১৬৭ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া আটজন হলেন- সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মচারী হামিদুল ইসলাম, সরকারি (বিজি প্রেস) ছাপাখানার কর্মচারী মোস্তফা কামাল, নীলফামারীর কিশোরীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান, পটুয়াখালীর সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার, জালাল মিয়া, মাসুদ বিল্লাহ, শফিকুজ্জামান ও রফিকুল ইসলাম।
পুলিশ কর্মকর্তা রবিউল জানান, এই আটজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও তিনটি মটরসাইকেল।
আরো তথ্য উদ্ধারের জন্য এদের পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট সালেহ মোহাম্মদ তানভীর জানান, চক্রটি চাকরিপ্রার্থীদের পাঁচ লাখ টাকা করে নিয়েছে। সব মিলিয়ে চক্রটি প্রায় ১০ কোটি টাকা নিয়েছে।
এসপি জানান, চক্রটির যোগাযোগ এতটাই বিস্তৃত যে তারা দেশের ৩৮টি জেলার চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলো।
চাকরিপ্রার্থী রংপুরের বখতিয়ার সাংবাদিকদের বলেন, তারা প্রতারণার শিকার হয়েছেন।
কুষ্টিয়ার সিরাজুল জানান, তিনি চক্রটিকে তিন লাখ টাকা দিয়েছেন। তাকে প্রশ্নপত্র ও চক্রটির তৈরি করা উত্তরপত্র দেওয়ার জন্য ডাকা হয়েছিলো।
বেসরকারি পর্যটন কেন্দ্র ভিন্ন জগত এর মালিক এস এম কামাল দাবি করেন, আতিক নামে এক ব্যাক্তি ঔষধ কোম্পানির সম্মেলনের কথা বলে গেস্ট হাউসের পুরোটা ভাড়া নিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24