ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ার তিনটি দেশের নারীর ক্ষমতায়নের প্রক্রিয়া 'ম্যাপিং উইমেনস এমপাওয়ারমেন্ট: এক্সপেরিয়েন্সেস ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান' শীর্ষক গ্রন্থে তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের একটি গবেষণা প্রকল্পের আওতায় এই বইটি সম্পাদনা করা হয়। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এটি প্রকাশ করেছে।
গ্রন্থটি সম্পাদনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক ফিরদৌস আজিম এবং পথওয়েজ অব উইমেন্স এমপাওয়ারমেন্ট এর সমন্বয়কারী মাহীন সুলতান।
বইটিতে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের এগারোজন গবেষকের প্রবন্ধ রয়েছে। এতে নারীর কন্ঠ, কাজ এবং শরীর এই তিনটি উপাদান তার জন্য সহায়ক না প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে তা দেখানো হয়েছে।
গ্রন্থটি নিয়ে আলোচনায় অধ্যাপক আইনুন নাহার বলেন, নারীর ক্ষমতায়নে তার কন্ঠ, কাজ এবং শরীর এর সম্পর্ক সংযুক্ত করে এই প্রথম কোন বই প্রকাশ করা হলো। এ বিষয়গুলোর সঙ্গে নব্বইয়ের দশক থেকে আমরা পরিচিত হলেও এর সংযুক্তকরণ এই প্রথম। এর মাধ্যমে নারীকে আরো সক্রিয় করে দেখানোর চেষ্টা করা হয়েছে।
হামিদা হোসেন বলেন, ক্ষমতা থেকে দূরে থাকা নারীদের নিয়ে কথা বলতে হবে। তাদের ধীওে ধীওে ক্ষমতায়ন প্রক্রিয়ার সাথে সংযুক্ত করতে হবে।
প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা হামিদা হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আইনুন নাহার, ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ এম হাশেমী, বিডিআইএর গবেষণা পরিচালক বিনায়েক সেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/০১৩৩ ঘ.
bdnews24