২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংঘর্ষ-চাঁদিবাজি না করে দেশের কাজ করুন'

বিশ্ববিদ্যালয়ে সংঘাত, চাঁদাবাজি, দখলদারিত্ব বাদ দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 06:17 PM

Updated : 25 Aug 2022, 01:31 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ববিদ্যালয়ে সংঘাত, চাঁদাবাজি, দখলদারিত্ব বাদ দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, "জাতি গঠনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে কাজ করতে হবে।" বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। গত ৬ জুলাই ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ৫৭ প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুদিন পর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে। সকাল সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে সিনেট ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ, শহীদ মিনার মুক্তমঞ্চে নাটক, সন্ধ্যা সাতটায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাট্যকলা ও সঙ্গীত বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাস সাজানো হয় বর্ণিল সাজে। আলোক সজ্জা করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী আরো বলেন, ক্ষুধা-দারিদ্র-নিরক্ষরতা-দুর্নীতিমুক্ত এবং উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। নতুন শিক্ষানীতি বিষয়ে তিনি বলেন, বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় এই শিক্ষানীতি সহায়ক হবে এবং সম্ভাবনার দ্বার খুলে দেবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আবাসন সমস্যাসহ অবকাঠামোগত সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। উপাচার্য ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) এর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) শামসুল হক টুকু, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া বক্তব্য রাখেন- রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও রাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়রম্যান ও সাবেক ভিপি নুরুল ইসলাম ঠাণ্ডু, সাবেক জিএস জাহাঙ্গীর কবির রানা প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০১ ঘ.