বরিশাল, জুলাই ৮ (বিডিনিউজ টোরয়েন্টিফোর ডটকম) - বরিশালের মুলাদীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হওয়ার ঘটনায় দুই র্যাব কর্মকর্তাসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
'বন্দুকযুদ্ধে' নিহত মজনু খাঁ'র বোন রিনা খান বাদি হয়ে বৃহস্পতিবার বরিশালের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগ দায়ের করেন।
হাকিম শরীফ মো. সানাউল হক অভিযোগটি মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠান।
মুখ্য হাকিম মো. আলতাফ হোসাইন আগামী ১৩ জুলাই (মঙ্গলবার) এ অভিযোগ শুনানির দিন ধার্য করেছেন।
অভিযোগে বিবাদি করা হয়েছে র্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিরুল হক ও র্যাব-৮ এর ১ নম্বর কোম্পানির অধিনায়ক মেজর রাশেদুল হক খানকে।
এছাড়া বাচ্চু খাঁসহ আরো ২৮ জনকে বিবাদি করা হয়েছে।
রোববার দিবাগত গভীর রাতে মুলাদী উপজেলার নয়াকান্দি গ্রামে বন্দুকযুদ্ধে মজনু খাঁ ও কালাম সরদার মারা যান বলে র্যাব জানিয়েছে।
র্যাবের ভাষ্যমতে, মজনু ও কালাম ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বেশ কয়েটি মামলা রয়েছে থানায়।
মজনুকে নিরীহ দাবি করে বাদি রিনা খান আরজিতে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বাচ্চুসহ অন্য বিবাদিরা র্যাবের দুই কর্মকর্তার সঙ্গে যোগসাজসে এই হত্যার পরিকল্পনা করে।
সে অনুযায়ী মজনু ও কালামকে সাদা পোশাকধারী একটি দল রোববার বরিশাল নগরীর নাজিরের পোল এলাকা থেকে দুপুর আড়াইটার দিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর হাত-পা ভেঙ্গে মুখের মধ্যে কাপড় ও মাটি ঢুকিয়ে দিয়ে গুলি করে তাদের হত্যা করা হয় বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৫ ঘ.
bdnews24