ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল মান্নান ভূঁইয়ার অবস্থা সংকটজনক।
তার দুই চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার পর সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মান্নান ভুঁইয়ার (৬৭) শরীরের তাপমাত্রা বাড়তে থাকে।
রাত ৯টার দিকে তার অবস্থা পর্যালোচনা করতে জরুরি ভিত্তিতে ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আইসিইউতে গিয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন মান্নান ভূঁইয়ার অবস্থা দেখে।
গুরুতর অসুস্থ বিএনপির সাবেক মহসচিব মান্নান ভূঁইয়াকে বুধবার রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি চিকিৎসকদের নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছেন। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত।
মান্নান ভূঁইয়াকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে বুধবার রাত পৌনে ৮টার দিকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় সোমবার থেকে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
ফুসফুসের চিকিৎসার জন্য গত ৩১ মে মান্নান ভূঁইয়া সিঙ্গাপুর যান। সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
মান্নান ভূঁইয়ার পরিবারের সদস্যরা জানান, ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য তার দেহে মোট আটটি কেমোথেরাপি দেওয়া হয়। সর্বশেষ কেমোথেরাপি দেওয়ার পর থেকে তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ টো হ্যাং চেং ও সার্জন টি অ্যাগেস্টাইনের তত্ত্বাবধানে গত জানুয়ারি মাস থেকে তার চিকিৎসা চলছিলো। এ চিকিৎসার জন্য তিনি দুই দফা সিঙ্গাপুর যান। সর্বশেষ চিকিৎসা শেষে গত ৩০ এপ্রিল দেশে ফিরেছিলেন তিনি।
চারদলীয় জোট সরকারের প্রভাবশালী এই মন্ত্রী টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৩৫ ঘ.
bdnews24