২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুই ইত্তেফাকের সম্পাদক

দৈনিক ইত্তেফাকের প্রকাশনা নিয়ে করা রিট আবেদন না চালানোর জন্য খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে দৈনিক ইত্তেফাকের প্রকাশক, মুদ্রাকর ও সম্পাদক হতে আনোয়ার হোসেন মঞ্জুর আর কোনো বাধা রইলো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 04:39 PM

Updated : 25 Aug 2022, 01:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক ইত্তেফাকের প্রকাশনা নিয়ে করা রিট আবেদন না চালানোর জন্য খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে দৈনিক ইত্তেফাকের প্রকাশক, মুদ্রাকর ও সম্পাদক হতে আনোয়ার হোসেন মঞ্জুর আর কোনো বাধা রইলো না। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই আদেশ দেয়। সেইসঙ্গে ইত্তেফাকের প্রকাশনা নিয়ে ইতোপূর্বে দেওয়া স্থিতাবস্থার আদেশও খারিজ করে দেয় আদালত। গত বছরের ২৫ মার্চ সাজু হোসেনের প্রকাশক পদের আবেদন নামঞ্জুর করেন ঢাকার জেলা প্রশাসক। ওই আদেশের বৈধতা নিয়ে মইনুল হোসেনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ৫ এপ্রিল ইত্তেফাকের প্রকাশনা বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। এই আদেশের ফলে প্রিন্টার্স লাইনে প্রকাশক ও মুদ্রাকর হিসেবে সাজু হোসেনের নাম ছাপা হচ্ছিল। গত ২ মে ইত্তেফাক নিয়ে একটি সমঝোতা হয় আনোয়ার হোসেন মঞ্জু ও মইনুল হোসেনের মধ্যে। এরই পরিপ্রেক্ষিতে রিট আবেদন প্রত্যাহারের আবেদন জানান আবেদনকারীর আইনজীবী মাহমুদুল ইসলাম। আনোয়ার হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও রাবেয়া জামালী। রাবেয়া জামালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের আদেশের ফলে আনোয়ার হোসেন মঞ্জুর প্রকাশক ও সম্পাদক হতে আর বাধা নেই। এখন প্রকাশক ও মুদ্রকার হিসেবে প্রিন্টার্স লাইনে আনোয়ার হোসেনের নাম আসবে। সম্পাদকের বিষয়টি প্রকাশক ও বোর্ড নির্ধারণ করবেন।" দৈনিক ইত্তেফাক বর্তমানে আনোয়ার হোসেন মঞ্জু ও তার বোনদের মালিকানায় প্রকাশিত হচ্ছে। বড় ভাই মইনুল হোসেন এর মালিকানা ছেড়ে দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২২৩০ঘ.