জামালপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য সন্দেহে ১২ জনকে আটক করেছে জামালপুর পুলিশ।
শহরের বেলাটিয়া এলাকার বহুমুখী কারিনিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহের চর হোসেনপুরের হাফেজ মো. বেলাল হোসেন (২৫), সন্তোষপুরের রুস্তম আলী মল্লিক (৪৫), একই গ্রামের আব্দুস সাত্তার (৩৫), ইউনুছ আলী (৪০) ও হাবিবুর রহমান(৪০), কিশোরগঞ্জের চর তের টেকিয়া গ্রামের মো. ইউনুছ (২৭), কুমিল্লার মইশাইর গ্রামের জসিম উদ্দিন (২৮), দিনাজপুরের রামপুরের হাফিজুর রহমান (৩২), রংপুর সদরের ফতেপুরের আনোয়ারুল ইসলাম (২৮), শেরপুর সদরের মো. সাইফুল্লাহ (৩০), শেরপুরের কান্দুলিয়া গ্রামের ফখরুল ইসলাম (২৫) ও জামালপুরের বাউসী মধ্যপাড়ার আব্দুল মান্নান (২৪)।
জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মাদ্রাসায় বৈঠক করার সময় পুলিশ তাদের আটক করা হয়। থানা হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মতিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২১৬ ঘ.
bdnews24