২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরি নিয়ে সরকার-মালিক 'কাছাকাছি'

পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে সবার কাছে গ্রহণযোগ্য ন্যুনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সরকার ও মালিকপক্ষ 'কাছাকাছি' পৌঁছেছেন বলে দাবি করেছেন এ শিল্পের মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 02:35 PM

Updated : 25 Aug 2022, 01:32 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে সবার কাছে গ্রহণযোগ্য ন্যুনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সরকার ও মালিকপক্ষ 'কাছাকাছি' পৌঁছেছেন বলে দাবি করেছেন এ শিল্পের মালিকরা। বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ে দু'পক্ষের মধ্যে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের বিষয়ে সরকারি পর্যায়ের কেউ কোন কথা বলতে রাজি হননি। পোশাক শিল্পের মালিকরা বলছেন, বৈঠকে শ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমান কাঠামোর প্রায় দ্বিগুণ করার আভাস দিয়েছেন শ্রমমন্ত্রী। মন্ত্রীর প্রস্তাবে তারা একমত না হলেও সমঝোতার কাছাকাছি পৌঁছেছেন বলে জানিয়েছেন এফবিসিসিআই'র নবনির্বাচিত সভাপতি এ কে আজাদ। বৈঠক শেষে এ কে আজাদ সাংবাদিকদের বলেন, "ন্যূনতম মজুরি নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে মতপার্থক্য কমিয়ে আনতেই শ্রমমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়েছে। আমরা মন্ত্রীর কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি।" তিনি বলেন, "শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মালিকদের প্রস্তাবনাও দেওয়া হয়েছে বৈঠকে। এ ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরেছেন মন্ত্রী। এখনও সমঝোতা না হলেও আমরা খুব কাছাকাছি পৌঁছেছি।" বৈঠকে উপস্থিত মজুরি বোর্ডে বিজিএমইএ'র প্রতিনিধি ও সরকার দলীয় সাংসদ টিপু মুন্সি বলেন, "আগামী ২৮ জুলাইয়ের মধ্যেই সরকারের কাছে মজুরি বোর্ডের প্রস্তাব দিতে হবে। আশা করছি আগামী ২০ জুলাইয়ের মধ্যেই আমরা সমঝোতায় পৌঁছাতে পারবো।" বিকেএমইএ সভাপতি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে আমরা বলেছি, শ্রমিকদের মজুরি একেবারে দ্বিগুণ বা তার বেশি হলে মালিকদের জন্য তা বোঝা হয়ে দাঁড়াবে। তবে শ্রমিকদের দিকটাও অবশ্যই আমাদের দেখতে হবে।" তিনি বলেন, "আমরা যে প্রস্তাব দিয়েছি, সরকারের পক্ষ থেকে তার দ্বিগুণেরও বেশি করার প্রস্তাব করা হয়েছে। তবে এ নিয়ে সরকার ও মালিক পক্ষের মধ্যে দূরত্ব কমে এসেছে। এ বিষয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে হবে। মালিক-শ্রমিকের সম্মতির ভিত্তিতে খুব শিগগিরই একটি চূড়ান্ত কাঠামো তৈরী করা সম্ভব হবে।" শ্রমমন্ত্রী ছাড়াও বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সচিব নূরুল হক, বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/২০২৯ঘ.