২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনারেল মঈনের বাড়ি ক্রোক আবেদনের উপর শুনানি হয়নি

সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদের বাড়ী ক্রোকের আবেদনের উপর শুনানি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 12:57 PM

Updated : 25 Aug 2022, 01:33 PM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদের বাড়ী ক্রোকের আবেদনের উপর শুনানি হয়নি। বৃহস্পতিবার মঈন উ আহমেদের আইনজীবী কামরুল ইসলাম সিদ্দিকী আইনজীবী সনদপত্র দিয়ে আদালতকে জানান, মামলাটি হাইকোর্ট গত ৬ জুলাই ৩ মাসের জন্য স্থগিত করেছেন। হাইকোর্টে দায়ের করা মামলা শুনানি না হওয়া পর্যন্ত সময় চেয়ে আবেদন করেন তিনি। ঢাকার ৩য় যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস আদালতে আদেশ দাখিলের জন্য ৮ আগষ্ট দিন ধার্য করেন। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ১ শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গত বছরের ১২ জুলাই মানহানির এ মামলা দায়ের করেন। টুকু অভিযোগ করেন, বিবাদী মঈন উ আহমেদ ২০০৭ সালের ২৭ মার্চ এক অনুষ্ঠানে ইলেকট্রনিক মিডিয়ার সামনে বাদীকে প্রত্যক্ষভাবে ইঙ্গিত করে মিথ্যা তথ্য উপস্থাপন করে বলেছেন, "বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে বিদ্যুত খাতে ২০ হাজার কোটি টাকা দুনীর্তির মাধ্যমে লুটপাট করা হয়েছে। এতে তার পারিবারিক সুনাম ক্ষুন্ন হয়েছে।" ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী রায়হান মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঈন উ আহমেদ শুনানির জন্য এ নিয়ে ৪ বার সময় নিলেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএএ/১৮৫০ঘ.