বাগেরহাট, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের কুমারখালী নদীতে তেলের ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে চুনাপাথর বোঝাই একটি কার্গো ডুবে গেছে।
তবে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার কুমারখালী নদীর বাঁশতলী মোহনায় এম টি এনার্জি-২ নামে তেলে ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় এম ভি হাজী আকবর আলী-১ নামের কার্গোটির।
এর ফলে কুমারখালী নদীর চ্যানেলটি নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এই ঘটনায় কার্গোর মাস্টার মফিজুর রহমান রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি কার্গোডুবির কারণে পাঁচ কোটি টাকার ক্ষতির কথা উল্লেখ করেছেন।
রামপাল থানার ওসি মো: নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, মংলার দুবাই-বাংলাদেশ সিমেন্ট কারখানার জন্য ১৭ হাজার তিন শত ঘনফুট চুনাপাথর নিয়ে কার্গোটি সিলেট থেকে মংলায় আসছিলো।
সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলের ট্যাঙ্কার এম টি এনার্জি-২ এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে কার্গোটির তলা ও পাশের তিনটি স্থানে ফাটল সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যে ডুবে যায়।
কার্গোর মাস্টারসহ সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
ঘটনাস্থল পরিদর্শনে আসা বিআইডাব্লিউটিএ'র খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক সানোয়ার হোসেন জানান, কার্গোডুবির কারণে কুমারখালী নদীর চ্যানেল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
নৌ-পথটি ব্যবহারকারীদের সতর্ক করতে ঘটনাস্থলে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। কার্গোটি উদ্ধার করতে কার্গোর মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৫ ঘ.
bdnews24