ঝিনাইদহ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার কাশিমনগরে বুধবার রাতে 'চরমপন্থিদের' বোমা হামলায় এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন।
আহত জাকির হোসেন শান্তিকে (৪৩) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শান্তির ব্যবসায়িক অংশীদার গৌতম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার কান্না বাজার থেকে বাড়ী ফেরার পথে কাশিমনগরে একটা সেতুর পাশে রাত নয়টার দিকে একদল দুর্বৃত্ত শান্তির ওপর বোমা হামলা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম জানান, চরমপন্থিরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/এইচএ/২৩৪৮ ঘ.
bdnews24