ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'যুদ্ধাপরাধীদের' বিচার ত্বরান্বিত করা এবং তাদের চক্রান্ত সম্পর্কে জনগণকে সচেতন থাকার আহবান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।
এই বিচার প্রক্রিয়া নিয়ে জামায়াতে ইসলামীর 'অপপ্রচার' সম্পর্কে জনগণকে সোচ্চার করতে শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি।
বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ফোরামের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদুর রহমান।
সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী রাজনৈতিক বিরোধীতার কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তাই জনগণকে সোচ্চার করতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।"
সর্বস্তরের মানুষকে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এ কে খন্দকার বলেন, "আপাতদৃষ্টিতে এই বিচার প্রক্রিয়া ধীরগতির মনে হলেও প্রক্রিয়াগতভাবে তা ঠিকমতোই এগুচ্ছে। রিমান্ডে নেওয়া যুদ্ধাপরাধীদের জিজ্ঞাসাবাদে যেসব তথ্য বেরিয়ে আসবে তা তাদের অপরাধের স্বাক্ষ্য দেবে।"
ফোরামের সহসভাপতি কে এম শফিউল্লাহ বলেন, "যুদ্ধাপরাধীরা প্রচার করতে চাইছে তাদের উপর অন্যায় হচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এ কর্মসূচি আহ্বান করা হয়েছে।"
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিল উদ্দিন আহসান, শামসুল আলম, সি আর দত্ত প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএএ/এইচএ/২১৫৩ ঘ.
bdnews24