রাজশাহী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিন বদলের কর্মসূচি বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এই কর্মসূচি আওয়ামী লীগের একার নয়। এটি এখন রাষ্ট্রীয় কর্মসূচি।
বুধবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষক, অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "স্বাধীনতার পর দেশের যে উন্নয়ন হয়েছে, তা জনগণের কল্যাণে আসেনি। জনগণ এই পরিস্থিতিতে আর থাকতে চায় না। তাই নির্বাচনী ইস্তেহার অনুযায়ি সরকার জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছে।"
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষানীতি দলীয় নয়, জাতীয়। নতুন শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্খা পূরণ করা হবে।
তিনি বলেন, "আমাদের সন্তানদের আধুনিক, প্রযুক্তি নির্ভর ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে।"
নতুন প্রজন্মকে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে দায়িত্ব পালনের জন্য মন্ত্রী আহ্বান জানান।
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুধী সমাবেশ আয়োজক কমিটির আহবায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
এতে আরো বক্তব্য রাখেন- শাহ্ মখদুম কলেজের অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজা, বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারী, অধ্যক্ষ আব্দুল মান্নান প্রমূখ।
এ সময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম ঠাণ্ডু, ভাষা সৈনিক আবুল হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নুরুল আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আকতার জাহান উপস্থিত ছিলেন।
দুপুরে মন্ত্রী রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন এবং রাতে নগরীর কুমারপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24