২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা-লাঠিপেটা

রাজশাহী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বুধবার বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা ও লাঠিপেটার ঘটনা ঘটেছে। এ কারণে অনেক স্থানেই কর্মসূচি পণ্ড হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 01:27 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বুধবার বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা ও লাঠিপেটার ঘটনা ঘটেছে। এ কারণে অনেক স্থানেই কর্মসূচি পণ্ড হয়ে যায়। পুলিশের লাঠিপেটায় নারায়ণগঞ্জ, জয়পুরহাট ও বগুড়ায় অন্তত ৫০ জন আহত হয়েছে। ময়মনসিংহ ও যশোরে আটক করা হয়েছে ১৪ জনকে। নওগাঁয় পুলিশের ধাওয়ায় মুখে পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে স্থানীয় যুবদলের এক নেতা। তবে পুলিশ বলেছে, কর্মসূচিতে যোগ দিতে আসার পথেই তিনি অসুস্থ হন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের জুলুম-নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও জেলা সদরে বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি দেয় বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: বেলা সোয়া ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মহানগর বিএনপি মানববন্ধন কর্মসূচি শুরু করার পরপরই পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে কর্মসূচি পণ্ড হয়ে যায়। এর প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুবন মোহন পার্কে সমাবেশ করে। বিকাল ৫টার দিকে জেলা বিএনপির উদ্যোগে সাহের বাজার জিরো পয়েন্টে মানবন্ধন কর্মসূচি শুরুর পরপরই পুলিশ বাধা দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা ভুবন মোহন পার্কের সামনে পথ সভা করে। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ উপরের নির্দেশ রয়েছে। বরিশাল: সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়ালে পুলিশ ব্যানার কেড়ে নেয়। পরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের বের করে দেয়। নগর পুলিশের সহকারী কমিশনার (এসি) আনোয়ার হোসেন খান জানান, বিনা অনুমতিতে কর্মসূচি পালনের চেষ্টা হয়েছিলো। বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশ তা করতে দেয়নি। নারায়ণগঞ্জ: শহরের ডিআইটি এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের চেষ্টাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আছেন- বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌস, আনোয়ার হোসেন খান, আক্তার হোসেন খোকন, নুরুল হক দীপু, মো. হালিম, পরিবহন শ্রমিক নেতা ফারুক, মো. মুসা, মো. ইউনুস, সাগর প্রধান, ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহীদুল ইসলাম, ডলি আক্তার। জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, পুলিশের লাঠিপেটায় শ্রমিক নেতা ফারুকের হাত ভেঙ্গে গেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসনে জানান, মানববন্ধন কর্মসূচির নামে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করায় তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বগুড়া: দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীরা বের হয়ে মানববন্ধনের প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ধুনট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ ১০-১৫ জন আহত হয়। জেলার সহাকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আরিফুর রহমান মণ্ডল জানান, বিএনপি নেতা কর্মীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচি পালনের চেষ্টা করায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। যশোর: বেলা ১১টার দিকে শহরের দড়াটানা থেকে মনিহার চত্বর পর্যন্ত সড়কে পাশে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের বাগবিতন্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা শুরু করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বিএনপি ও জামাতের ১২ নেতাকর্মীকে আটক করে। এরা হলেন- ফায়জুল ইসলাম,শরিফুল ইসলাম, মোস্তাক আহমেদ, ইব্রাহিম হোসেন, জাবেদ আহমেদ, আওয়াল হোসেন, গোলাম কিবরিয়া, ইমদাদুল আমির হোসেন, আশরাফুল ইসলাম, রবিন হোসেন ও জাহিদ হোসেন। বিএনপি নেতা তরিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে যশোর প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং পরে সংবাদ সম্মেলন করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। জয়পুরহাট: শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে পুলিশ কর্মসূচিতে বাধা দেয়। এর প্রতিবাদে স্থানীয় সংসদ সদস্য মোজাহার আলী প্রধান ও গোলাম মোস্তফার নেতৃত্বে পৃথকভাবে নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন বিএনপি'র আইনজীবি ফোরামের নেতা ইউনুছার রহমান, যুবদল নেতা আফজাল হোসেন লরো, ছাত্রনেতা মাহবুল আলম টুকু, ফয়সল আলম, হাবিল উদ্দীন, আবু সায়েম, শাহিনুর, আব্দুল আলীম, মোত্তালেব মণ্ডলসহ ১০ নেতাকর্মী। এর প্রতিবাদে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ময়মনসিংহ: মানববন্ধন পালনকালে এনামুল ও শিহাব নামের বিএনপির দুই কর্মীকে পুলিশ আটক করেছে। পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতয়ালি থানার ওসি গোলাম সারোয়ার। সকাল থেকেই জেলা বিএনপি কার্যালয়ের আশপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। দলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনেই সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত কর্মসূচি পালন করে। নওগাঁ: নওগাঁয় বিএনপি'র মানববন্ধন চলাকালে পুলিশের ধাওয়ার মুখে পালাতে গিয়ে হৃদরোগে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মৃত এনামুল হক ওমর (৪২) রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক। নওগাঁর পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনামুল হক ওমর মানববন্ধনে যোগ দিতে আসার পথে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনার সঙ্গে পুলিশের লাঠিচার্জের কোনো সম্পর্ক নেই। এছাড়া পুলিশের বাধায় চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, বরগুনা, নীলফামারী, নড়াইল, গাজীপুর, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.