সুলাইমান নিলয়
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় জাদুঘরে অধিকাংশ নিদর্শন সঠিকভাবে নথিভুক্ত (ডকুমেন্টেশন) করা হয় না। ফলে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য নেই জাদুঘর কর্তৃপক্ষের কাছে।
জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস বলেন, "পূর্ণাঙ্গ তালিকা ও তথ্যাদি সংরক্ষণ না করায় সাম্প্রতিক সময়ে প্রত্নসম্পদ খোয়া যাওয়ার ঘটনায় কতটি নিদর্শন পাওয়া যাচ্ছে না, তা সঠিক বলা সম্ভব হয়নি।"
তিনি জানান, জাতীয় জাদুঘরে চার স্তরে তথ্যাদি সংরক্ষণ করার নিয়ম রয়েছে। এগুলো হচ্ছে- ২১ নম্বর নামের একটি ফরম পূরণ, মহাপরিচালকের অনুমতি নেওয়া, নিবন্ধন নম্বর দেওয়া এবং ভিডিওচিত্র ধারণ।
প্রতিটি নিদর্শনের ক্ষেত্রে জাতীয় জাদুঘরে প্রথম তিনটি স্তর অনুসরণ করা হলেও শেষেরটি একেবারেই করা হয় না। অথচ ভবিষ্যত সংরক্ষণ ও হিসাবের জন্য ভিডিওচিত্র ধারণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রত্নতাত্ত্বিকরা।
প্রকাশ চন্দ্রও মনে করেন, প্রদর্শনীতে রাখা নিদর্শনের ভিডিও প্রমাণ রাখা বাধ্যতামূলক। এটা না করে কোন উপায় নেই।
তবে চলতি বছরের মার্চ থেকে প্রত্নসম্পদগুলো যথাযথভাবে নথিভূক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। যা শেষ হবে আগামী ডিসেম্বর নাগাদ।
জাতীয় জাদুঘরে বর্তমানে মোট কতটি নিদর্শন রয়েছে, তার সঠিক সংখ্যাও বলতে পারেননি মহাপরিচালক। পরে তিনি বলেন, "এটা আনুমানিক ৮৭ হাজারের মত হবে।"
মোট নিদর্শনের ক্ষুদ্র একটি অংশই কেবল গ্যালারীতে প্রদর্শন করা হয়। বাকী নিদর্শনগুলো গুদামে রাখা আছে। স্থানের অভাবে এক সঙ্গে প্রদর্শন করতে না পেরে সংশ্লিষ্ট বিভাগ প্রদর্শনীর নিদর্শন মাঝে মাঝে পরিবর্তন করে দেয় বলে জানিয়েছেন প্রকাশ চন্দ্র দাস।
জাতীয় জাদুঘরের ৭টি বিভাগের মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগ। এ বিভাগ থেকেই সাম্প্রতিক সময়ে আলোচিত পদক ও মুদ্রা চুরির ঘটনাটি ঘটেছে।
প্রত্নসম্পদ চুরির ঘটনায় গত ২৬ জুন শাহবাগ থানায় একটি মামলা করা হয়। জাদুঘরের সচিব আলম আরা বেগম বাদী হয়ে মামলাটি করেন।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে ২০০৫ সালের একটি ঝাপসা ও অপূর্ণাঙ্গ ভিডিওচিত্র দেখে চুরি হওয়া পদক ও মুদ্রার সংখ্যা ২৬টি বলে উল্লেখ করেছে। তবে প্রকৃত সংখ্যার বিষয়ে নিশ্চিত করে তারা কিছু বলতে পারেনি।
এ ব্যাপারে সঠিক কোনো তথ্য 'ইতিহাস ও ধ্র"পদী শিল্পকলা বিভাগ' তদন্ত কমিটির কাছে উপস্থাপন করতে পারেনি। এ ছাড়া নিরাপত্তা শাখার নথিতেও বিষয়টি উল্লেখ নেই বলে জানান হয়েছে তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং উয়ারী বটেশ্বর গবেষণা প্রকল্পের পরিচালক সুফী মোস্তাফিজুর রহমান এ সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা প্রত্নতাত্ত্বিক না তাদের হাতে কিভাবে প্রত্নতত্ত্ব ভালো থাকবে। বর্তমান জাদুঘরের মহাপরিচালক থেকে শুরু করে কেউই প্রত্নতাত্ত্বিক নন। স্বায়ত্ত্বশাসিত এ প্রতিষ্ঠানটির ট্রাস্টিবোর্ডেও নেই কোন প্রত্নতাত্ত্বিক। নেই কোন গবেষণা সেল।"
তিনি বলেন,"যে আমলারা জাদুঘর চালান, তারা একটি নিবন্ধন নম্বর দিয়েই নিদর্শন ছেড়ে দেয়। নিদর্শনের মর্ম তারা কিভাবে বুঝবে। কেউ কেউ হয়ত নিজে থেকে কিছুটা জানার চেষ্টা করেন। তবে তা দিয়ে সংকট মোকবেলা সম্ভব হয় না।"
এ ছাড়া জাদুঘর বিষয়ে সরকারের নীতিগত দুর্বলতা রয়েছে বলেও মনে করেন মোস্তাফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৮৫০ঘ.
bdnews24