ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধা , নারায়ণগঞ্জ ও সাভারে মঙ্গলবার শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জরিপপুর গ্রামে শাহীনা বেগম (২৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় একটি পুকুর থেকে নয় মাস বয়সী সামীন্ত ও শিমু নামের দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুদের বাবাকে আটক করা হয়েছে।
ঢাকার ধামরাই উপজেলায় বংশী নদীর জেঠাইল ঘাট থেকে অজ্ঞাতনামা এক যুবতীর (২৫) লাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরিপুর গ্রামের শাহীনাকে সোমবার রাতে তার স্বামী রুহুল আমিন খুন করেন। রাত ১২ টার দিকে শাহীনার বাবার বাড়িতে তার মৃত্যু হয়েছে বলে খবর পাঠিয়ে তিনি পালিয়ে যান।
শাহীনা উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়া-কচুয়া গ্রামের সালজার রহমানের মেয়ে। খবর পেয়ে মঙ্গলবার সকালে শাহীনার স্বজনদের নিয়ে পুলিশর তার লাশ উদ্ধার করে।
শাহীনার নাকে মুখে রক্তের দাগ এবং শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে বলে জানান এসআই সিরাজুল।
এ ঘটনায় শাহীনার চাচা সানোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে।
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার নওয়াব মিয়ার বাড়ির ভাড়াটিয়া পোশাক শ্রমিক আবুল কাশেমের ছেলে সীমান্ত ও মেয়ে শীমুকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না।
পরে সকাল ১০টার দিকে বাড়ির সামনে একটি পুকুরে তাদের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ কাশেমকে গ্রেপ্তার করেছে।
পারিবারিক কলহের জের ধরে শিশুটি দুটিকে পরিকল্পিতভাবে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি বদরুল।
সাভার: ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে নদীতে একটি ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ বিকাল চারটার দিকে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, লাশটি ৫/৬ দিন আগের। চেহারা চেনা কষ্টকর। দুর্বৃত্তরা যুবতীকে হত্যার পর লাশটি পানিতে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
লাশটি ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ধামরাই থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান এসআই জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এলএন/এমএসবি/২২৪৫ ঘ.
bdnews24