মুন্সীগঞ্জ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদ্মা নদীতে মাওয়া ও কাওড়াকান্দি ফেরি চ্যানেলে ডুবো চর সৃষ্টি হয়েছে।
এ কারণে আড়াআড়ি এই চ্যানেলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা।
তারা বলছেন, উজান থেকে নামা ঢলের সঙ্গে আসা পলি নদীর ঘূর্ণাবর্তের কারণে জমে গিয়ে এ ডুবো চরের সৃষ্টি হয়েছে।
নাব্যতা হারিয়ে চ্যানেলটি বন্ধ হয়ে গেলে কয়েক কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করতে হবে। এতে পারাপারে সময় বাড়বে। বাড়বে যাত্রীদের ভোগান্তি।
আড়াআড়ি এই চ্যানেলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। চ্যানেল হয়ে নদী পার হলে দূরত্ব হয় প্রায় ১৫ কিলোমিটার। চ্যানেলটি বন্ধ হয়ে গেলে ঘুর পথে দূরত্ব দাঁড়াবে প্রায় ২০ কিলোমিটার।
মাওয়ায় কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো.আশিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি ভিত্তিতে প্রযোজনীয় ব্যবস্থা না নেওয়া গেলে চ্যানেলটি সচল রাখা সম্ভব হবে না।"
তিনি জানান, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ'র উর্ধ্বতন কর্মকর্তাদের সোমবার বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
মাওয়ায় বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আব্দুল সোবাহান জানান, মাওয়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মাওয়া-হাজরা আড়াআড়ি চ্যানেলের মুখে কাউলিয়ার চরের কাছে ডুবো চরের সৃষ্টি হয়েছে।
ভরা বর্ষায় চ্যানেলের এই অংশে নাব্যতা মাত্র ৯ ফুটের মত, যা ফেরি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। জরুরি ভিত্তিতে এখানে সার্ভে করে ব্যবস্থা না নিলে চ্যানেলের মুখে পলি জমে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।
মুন্সীগঞ্জের মাওয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট হয়ে দক্ষিণাঞ্চলের ২৩ জেলার যাত্রীরা আসা যাওয়া করে। বর্তমানে এই পথে ১২টি ফেরি চলাচল করে। সময় লাগে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৩ ঘ.
bdnews24