চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগরীর খুলশী এলাকার একটি রেস্তোরাঁ থেকে এক জামায়াত নেতা ও শিবিরের ২৪ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার বিকালে খুলশী থানার সামনে তাভা কাবাব হাউজে বৈঠক করার সময় এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তাদের কাছ থেকে ২০টি মোবাইল ফোন সেট, একটি নোট বুক ও দুটি জিহাদী বই জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, নাশকতা সৃষ্টির পরিকল্পনার করতে তারা ওই রেস্তোরাঁয় বৈঠকে করছিল।
গ্রেপ্তারদের মধ্যে আটজন ওই এলাকার চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইয়েন্সেস এবং একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থী। অন্যরা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে।
এরা হলেন- জাময়াতের উত্তর জেলার সাবেক আমির ও মহানগরীর কর্ম পরিষদ সদস্য মফিজুর রহমান, নাসির উদ্দিন সজল (২৩), শাহেদুল করিম (২৪), মোহাম্মদ ইকবাল (২৩), শরীফুল ইসলাম (২২), এহসানুল হক (২২), মামুনুর রশিদ (২১), মোহাম্মদ রাসেল (২২), হেলাল উদ্দিন (২৪), আসাদুল্লাহ আল গালিব (২৩), ছায়েদুর রহমান (২০), সাফায়েত জামিল (২৩), আব্দুল্লাহ আল মামুন (২০), রেজাওয়ানুর রাকিব (২৩), আব্দুল করিম মজুমদার (২১), শাহাবুদ্দিন (২২), আবু সায়েম (২২), আনছার উদ্দিন (২১), নুর এ আজম (২৩), সারোয়ার কামাল (২৪), মোসলেম উদ্দিন (২২), রাশেদুল ইসলাম (২২), আলী হায়দার (২২), আলী মর্তুজা (২০) ও নিজাম উদ্দিন (২১)।
খুলশী থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কিছু নেতাকর্মী তাভা কাবাব হাউজে বিকাল সোয়া ৪টার দিকে গোপন বৈঠক করার জন্য জড়ো হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়।
ওখানে দেড়শ' শিবিরেরকর্মী থাকলেও বাকিরা পালিয়ে যায়।
তবে গ্রেপ্তার ছাত্ররা নিজেদের শিবিরের কর্মী নয় দাবি করেন।
এদরে মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তাভা রেষ্টুরেন্টে ডিএনএ নামে একটি কোচিং সেন্টারের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এটি ছাত্র শিবিরের কোন অনুষ্ঠান ছিল না।"
জামায়াত নেতার উপস্থিতির ব্যাপারে তিনি বলেন, উনি একটি কলেজের সম্মানিত অধ্যাপক ও শিক্ষাবিদ। তাই তার মূল্যবান কথা শোনর জন্য অনুষ্ঠানে আনা হয়।
খুলশী থানার ওসি ইফতেখার জানান, "গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোনে ম্যাসেজ ও কথা আদান প্রদানের মধ্য দিয়ে আমরা নিশ্চিত হয়েছি তারা ছাত্র শিবিরের কর্মী
এবং নগরীতে নাশকতার পরিকল্পনা করতেই বৈঠকে মিলিত হয়েছিল।"
তিনি জানান, ০১৬১০-৩৬৫৬৫৬ নম্বরের মোবাইল ফোন থেকে ০১৬৭৫-৫৯৫৬৭৫ নম্বরে নগরীর বদনা শাহ মাজারের সামনে দুই পকেট ভর্তি পাথর নিয়ে জামায়াত কর্মীদের হাজির হবার অনুরোধ করে ম্যাসেজ পাওয়া গেছে।
রোববার বিকালে হালিশহরে সংগঠিত হামলা ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণ এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনা করতেই তারা বৈঠকে বসেছিলনে বলে ওসি জানান।
ওইদিনের হালিশহর ও ডবলমুরিং থানায় দায়র করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
ওই ভাংচুরের ঘটনায় গত দুদিনে অন্তত ১৪২ জনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/২১৫৫ ঘ.
bdnews24