২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় জাবির ১৬ ছাত্রের রিমান্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর গ্রেপ্তার ১৬ ছাত্রকে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 01:42 PM

Updated : 25 Aug 2022, 01:24 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর গ্রেপ্তার ১৬ ছাত্রকে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। এর মধ্যে একটি মামলায় আটজনকে দুদিন এবং আরেকটিতে বাকি আটজনকে তিনদিন হেফাজতে নেওয়ার অনুমতি দেওয়া হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষে প্রক্টরসহ অন্তত ৫০ জন আহত হয়। রাতে চারটি হলে তল্লাশি চালিয়ে পুলিশ ১৭ জনকে আটক করে। এর মধ্যে একজনকে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ দুটি মামলা করেছে। এ দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ১৬ জনকে মঙ্গলবার বিকালে ঢাকার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় সাতদিন করে মোট ১৪ দিন হেফাজত চান। অন্যদিকে ছাত্রদের আইনজীবীরা তাদের জামিন দেওয়ার আবেদন জানান। হাকিম শাহরিয়ার আরাফাত জামিন আবেদন নাকচ করে তাদের দুই মামলায় পাঁচ জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর মধ্যে আল বেরুনী হলের ছাত্রলীগ কর্মী মো. আব্দুল মালেকের করা মামলায় দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম শাফিন গ্র"পের করা এই মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আটজনকে। এরা হলেন- শামীম, তোফাজ্জল, আলমগীর, মন্জুর আহমেদ, রিয়াজ রহমান, নূর নবী, রাজীব হাসান, সামশুর রহমান। এই মামলায় হেফাজত চেয়ে করা পুলিশের আবেদনে বলা হয়, আল বেরুনী হলের ছাত্র মোস্তফা মনোয়ার সজীব, অর্ক, পারভেজ, জয়ন্ত, জাহিদ, নয়ন, অনিকদের রামদা ও হকিষ্টিক দিয়ে আসামিরা মারধর করে গুরুতর জখম করে। এর মধ্যে নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র মোস্তফা মনোয়ার সজীবকে মূমূর্ষু অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার রহস্য ও প্রকৃত দোষীদের নাম ঠিকানা উদ্ধারের জন্য এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। কামালউদ্দিন হলের আতিকুর রহমান হিমুর করা মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখানো আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজত মঞ্জুর করেছে আদালত। এরা হলেন- পরিতোষ চাকমা, হাসান তারিক, শিহাবউদ্দিন, রাইসুল ইসলাম, জুনায়েদ আহমেদ, জাহিদ হাসান, আমিনুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। হেফাজতের আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতরা একই হলের তমিল, বিজয়, উজ্জ্বল ও অন্যান্যদের মারধর করে গুরুতর জখম করেছে। হত্যার উদ্দ্যেশ্যে তমিল ও উজ্জ্বলকে পায়ে গুলি করে তারা। হেফাজতের আবেদনের কোথাও এদেরকে ছাত্রলীগের কর্মী বা নেতা উল্লেখ করা হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত পুলিশের পরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে ১৩ কর্মীকে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৭ ছাত্রকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/১৯৩৮ ঘ.