২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিব পদে আট জনের পদোন্নতি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু আলম মো.শহিদ খানসহ আট জনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 01:25 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু আলম মো.শহিদ খানসহ আট জনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার অতিরিক্ত সচিব পর্যায়ের এই কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া আট জনই বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে রয়েছেন। পদোন্নতির পর তাদের পূর্বপদেই রাখা হয়েছে। পদোন্নতি পাওয়া আট কর্মকর্তা হলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আবু আলম মো. শহিদ খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নূরুল হক, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের আব্দুল মান্নান হাওলাদার, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আবদুর রব হাওলাদার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ড. জাফর আহমেদ খান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাসুদ আহমেদ, জ্বালানী ও খণিজ সম্পদ বিভাগের মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মৃদুলা ভট্টাচার্য। এদের মধ্যে আবু আলম শহিদ খান বিগত জোট সরকারের সময় একাধিকবার পদোন্নতি বঞ্চিত হন। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি বঞ্চনার শিকার হন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম চার মাসের মধ্যে তিনি সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব, যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। দেড় বছরের মধ্যে তিনি পূর্ণাঙ্গ সচিব হলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৩৩ঘ.