ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোমা ও বোমা তৈরির উপকরন উদ্ধার এবং নাশকতার অভিযোগে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আগামী ১৪ জুলাই রায় ঘোষনার তারিখ ধার্য করা হয়েছে।
মঙ্গলবার এ তারিখ ধার্য করেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম।
মামলাটিতে মঙ্গলবার রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক এ তারিখ ধার্য করেন।
২০০৫ সালের ১৮ ডিসেম্বরে ময়মনসিংহের রামকৃষ্ণ মিশন রোডে আকুয়া মোড়লপাড়ার নূরমহল থেকে বিপুল পরিমান বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
মামলার আসামিরা হলেন, জেএমবির এহসার সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন, সদস্য মো. আসাদুজ্জামান পনির, শরীফ ওরফে আশরাফুল। শরীফ ছাড়া এ মামলার অপর আসামিরা কারাগারে রয়েছেন।
র্যাব ৯ এর ময়মনসিংহ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বাদি হয়ে ময়মনসিংহের কোতয়ালি থানায় ওই বছরের ১৮ ডিসেম্বরে এ মামলা করেন। মামলায় পনির নিজেকে এবং অন্যদেরকে জড়িয়ে হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
এ মামলায় পরের বছরের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন একই থানার উপপরিদর্শক মো. আবদুস সাত্তার।
মামলার বিচার কালে রাষ্ট্রপক্ষে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়।
এদিকে ময়মনসিংহের মুক্তাগাছায় ২০০৬ সালের ৬ মার্চ অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় একই আদালতের একই বিচারক বুধবার রায় ঘোষণা করবেন।
এ মামলার আসামিরা হলো জেএমবি সদস্য চান মিয়া, আবদুর রউফ এবং ফাঁসিতে দন্ডিত জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা বেগম।
এই তিন জনই কারাগারে থেকে এ মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন।
মামলাটি দায়ের করেন র্যাব ৯ এর ময়মনসিংহ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক নজরুল ইসলাম। ওই বছরেরই ২৭ মে এ মামলায় অস্ত্র আইনে ও নাশকতামূলক কাজের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দেয়া হয়।
মামলাটিতে আসামি তিনজনই হাকিমের কাছে নিজেদের অস্ত্র ও রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতার দায়িত্ব স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।
এ দুই মামলাই রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম।
একই বিচারক ২০০৫ সালের ১৭ আগষ্ট সারা বাংলাদেশে একযোগে বোমা হামলার ময়মনসিংহের একটি মামলায় গত ৬ জুন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের দুই সদস্যকে ১৫ বছর করে মোট ৩০ বছর সশ্রম কারাদন্ড ও জরিমানার রায় দেন। রায়ে এহসার সদস্য সালাহউদ্দিন এবং অপর ৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।
এ আদালতে ময়মনসিংহের বিভিন্ন প্রেক্ষাগৃহে জেএমবির বোমা হামলার মামলারও বিচারকাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৬০৪ ঘ.
bdnews24