কক্সবাজার, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালীতে আগুন লেগে ১৭টি দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার গোরকঘাট এলাকায় ডাকবাংলোর কাছে একটি জ্বালানি তেলের দোকানে আগুনের সূত্রপাত হয়। চকরিয়া থেকে দমকলকর্মীরা এসে রাত ১২টায় আগুন নেভায়।
এতে ১৪টি দোকান ও তিনটি বসতবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম কাউসার হোসাইন।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহেশখালীতে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন নেই। চকোরিয়া উপজেলা থেকে মহেশখালী ও পেকুয়ার দুর্গম এলাকা ঘুরে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় লাগায় আগুন নেভাতে দেরি হয়।
তিনি জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জ্বালানি তেলের দোকান, ওষুধ, হার্ডওয়ার, মুদির দোকান, সেলুন, আসবাব ও চায়ের দোকান রয়েছে।
ইউএনও বলেন, ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
তিনি জানান, মঙ্গলবার সকালে জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ ও অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নুরে আলম মিনা ঘটনাস্থলে যান। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত প্রত্যেককে প্রাথমিকভাবে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ পাঁচ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ইউএনওকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মহেশখালী থানার ওসি ও দমকল বাহিনীর একজন উপ-সহকারী পরিচালক।
ইউএনও আরো বলেন, প্রাথমিকভাবে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ডিডি/১৭১৪ ঘ.
bdnews24