বগুড়া, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনার প্রবল স্রোতে বগুড়ার ধুনটের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্পারের আরো ৫০ মিটার রোববার ধসে পড়েছে।
এ নিয়ে গত চারদিনে ওই স্পারের ৮০ মিটার যমুনাগর্ভে বিলীন হল। গত ২৯ জুন রাতে ধসে পড়েছে ৩০ মিটার।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক জানান, পানির প্রবল স্রোতে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে দুপুরে শহড়াবাড়ি স্পারের বেলমাউথ (সামনের অংশ) নদীগর্ভে ধসে পড়েছে।
ওই স্থানে সিসি ব্লক ও বালিভর্তি জিও ব্যাগ ফেলে স্পারের ধস ঠেকানোর চেষ্টা চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, ধুনট উপজেলার গোসাইবাড়ি ও ভান্ডারবাড়ির পূর্ব পাশ দিয়ে বহমান যমুনা নদী। বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে ২০০২ সালে এখানে সাতশ' মিটার দৈর্ঘ্যের শহড়াবাড়ি ১ নম্বর স্পার নির্মাণ করা হয়। বিভিন্ন সময়ে ভাঙনের ফলে ২৮০ মিটার অবশিষ্ট ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৪ ঘ.
bdnews24