২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি স্থলবন্দরের অচলাবস্থা কেটেছে

উপজেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে রোববার দুপুর থেকে দিনাজপুরের হিলির স্থলবন্দরের অচলাবস্থা কেটে গেছে। আবার চালু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 01:17 PM

দিনাজপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে রোববার দুপুর থেকে দিনাজপুরের হিলির স্থলবন্দরের অচলাবস্থা কেটে গেছে। আবার চালু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। শ্রমিক মারধর ও ভাংচুরের প্রতিবাদে শনিবার দুপুরে বন্দরের আমদানি-রপ্তানির কাজ বন্ধ হয়ে যায়। বন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের ২৫-৩০ জন শ্রমিক বন্দরে কর্মরত শ্রমিকদের ন্যায্য মজুরি ও বকেয়া পরিশোধের দাবিতে শনিবার দুপুরে মিছিল করে। তারা মিছিল নিয়ে বন্দরের ২ ও ৩ নম্বর ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে পানামার কার্যালয় ভাংচুর করে। পণ্য বোঝাই ও খালাস কাজে নিয়োজিত শ্রমিকদেরও মারধর করে তারা। এর প্রতিবাদে পানামা স্থলবন্দর কর্তৃপক্ষ এবং সেখানে কর্মরত ১২টি শ্রমিক সংগঠনের নেতারা দুপুর ২টা থেকে কাজ বন্ধ করে দেয়। এতে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা প্রায় ৫০টির মতো ট্রাক বন্দরে ঢোকার অপেক্ষায় রাস্তার দু'পাশে আটকা পড়ে। পুলিশ প্রশাসনের সহায়তায় সন্ধ্যার পর ট্রাকগুলো বন্দরে নিয়ে আসা হয়। তবে ট্রাকের মালামাল ওঠানো-নামানো বন্ধ থাকে। অনন্ত কুমার চক্রবর্তী জানান, রোববার হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, ওসি মাহমুদুল আলম ও পানামা পোর্টের পরিচালক রফিকুল ইসলাম শ্রমিকদের সঙ্গে এক ঘণ্ট্া আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা কাজে ফিরে যায় বলে তিনি জানান। অনন্ত বলেন, দুপুর সাড়ে ১২টার পর থেকে ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাক আসা শুরু হয়েছে এবং পোর্টের স্বাভাবিক কার্যক্রম চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৫০ ঘ.