ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব শফি-উল-আলমকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোখতার হোসেন একইপদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
এছাড়া আট উপসচিব ও তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করা হয়।
রোববার সংস্থাপন মন্ত্রণালয় এসব পদোন্নতি, নিয়োগ ও রদবদলের আদেশ জারি করে।
উপসচিবদের মধ্যে টাঙ্গাইলের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা (জেডএসও) মাহবুবা হাসানাতকে খাদ্য বিভাগে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব বেগম গোপা চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়।
বগুড়ার আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা স্বপন চন্দ্র পালকে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) অর্থনৈতিক উপদেষ্টা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সেটেলমেন্ট কর্মকর্তা ফায়েকুজ্জামান চৌধুরীকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সুভাষ চন্দ্র সরকারকে শিশু একাডেমির 'ছয়টি জেলা শাখার কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প' এর প্রকল্প পরিচালক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব সোহেলী শিরিন আহমেদকে 'প্রমোশন অব লিগ্যাল অ্যান্ড সোসাল এম্পাওয়ারমেন্ট অব উইমেন ইন বাংলাদেশ (২য় পর্যায়)' শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. আমান উল্লাহকে 'ক্যাপাসিটি বিল্ডিং ফর মনিটরিং চাইল্ড রাইটস' প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মো. মহসীনকে 'হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট' প্রকল্পের সিনিয়র প্রকিউরমেন্ট অফিসার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম খেনচনকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
বরগুনার আমতলীর ইউএনও নাসির উদ-দৌলাকে ময়মনসিংহের গফরগাঁও এবং বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমানকে বরগুনার আমতলীর ইউএনও নিয়োগ করা হয়েছে।
মোহাম্মদ আলমগীর হোসেন এবং মুর্শেদুজ্জামান সেলিমকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের এ নিয়োগ যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৪৫ ঘ.
bdnews24