রাজশাহী, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়ায় রোববার ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে দু'জন।
নিহত সানোয়ার হোসেন (১২) দুর্গাপুর উপজেলার শাহবাজপুর গ্রামের আকতার হোসেনের ছেলে।
আহত হয় সাধু (১০) ও জলিকে (৯) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর ১টায় রাজশাহী-নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করলে একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সানোয়ার তার খালাতো ভাই সাধু ও খালাতো বোন জলিকে নিয়ে মেলায় যাচ্ছিল। বিড়ালদহ মাজারের কাছে রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে সানোয়ারের মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে। এতে সড়কের উভয়দিকে বেশকিছু যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুঠিয়া থানার ওসি জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সানোয়ারের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24