সিরাজগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে ডাকাতের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
তাদেরকে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণে বেলকুচি উপজেলার যমুনা নদীর ফুলবাড়িয়ার চর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মো. রুবেল হোসেন (২৫) শেরপুর জেলা সদরের জঙ্গল নদী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আহত লালমিয়া (৩০) ও আব্দুর রশীদের (২৫) বাড়ি একই এলাকায়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এনায়েতপুর থানার ওসি মো. মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে শেরপুর থেকে প্রায় ৯০ জন আশেকান ও মুরিদান নৌকায় সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা দরবার শরীফে আসছিলেন। রাত ১টার দিকে ফুলবাড়িয়ার চরের কাছে পৌঁছলে তারা ১৪-১৫ জনের একদল নৌডাকাতের কবলে পড়েন।
তিনি বলেন, এ সময় যাত্রীরা নৌকার বৈঠা ও লগি দিয়ে ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করেন। ডাকাতরা তখন তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলে রুবেল মারা যান। গুলিবিদ্ধ হন লালমিয়া ও রশীদ।
ওসি মোখলেস আরো জানান, পরে যাত্রীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং নিহতের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় এনায়েতপুর থানায় একটি ডাকাতি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৪৭ ঘ.
bdnews24