ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম ) - বরিশাল, খুলনা ও শেরপুরে শুক্রবার জামায়াতের আরো ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দলটির তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তারের পর এ পর্যন্ত বিক্ষোভের ঘটনায় দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওইদিন বিকালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়।
তাদের মুক্তির দাবিতে বিক্ষোভের সময় ওইদিনই সারাদেশে জামায়াত ও এর সহযোগী ছাত্রশিবিরের অন্তত ৪৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরদিন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে আটক হয় আরো শতাধিক নেতাকর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেতাকর্মীদের পাঠানো খবর:
বরিশাল: জামায়াতের আরো তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে বরিশাল নগরীতে জামায়াত ও এর সহযোগী ছাত্রশিবিরের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নগরীরর বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলে- কাউনিয়া থানার আমির এ বি এম সুলতানুল আরেফিন (৪৫), কর্মী জাহাঙ্গীর তালুকদার (৬০) ও আমিরুল ইসলাম (২৭)।
মঙ্গলবার বিক্ষোভের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কোতয়ালি মডেল থানায় পুলিশ বাদি হয়ে করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি কমলেশ চন্দ্র হালদার।
খুলনা: বুধবার পুলিশের ওপর হামলা ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে খুলনা কোতয়ালি থানায় করা মামলায় জামায়াতের আরো দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নগরীর বৈকালী ও ফুলবাড়িগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে খুলনা নগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হলো।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, নগরীর বৈকালী বাজারের দোকান থেকে বাসায় ফেরার সময় জামায়াত কর্মী এম জি সরোয়ারকে খালিশপুর থানা পুলিশ আটক করে। ফুলবাড়িগেট এলাকার চেম্বার থেকে খানজাহান আলী থানা পুলিশ গ্রেপ্তার করে ডা. কাজী ইয়াছিন উদ্দিনকে।
শনিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে এসআই মনির জানান।
শেরপুর: শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার সকালে জামায়াতের আরো এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগের দিন গ্রেপ্তার করা হয় ১১ জনকে।
গ্রেপ্তারকৃত জামায়াতকর্মী হলেন- মোস্তাফিজুর রহমান (৪০)।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ইকবাল শফি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার জুমার নামাজের পর জামায়াত শিবিরের নেতা-কর্মীরা মিছিল সমাবেশ করতে পারে এমন আশংকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরের মসজিদগুলোর সামনে পুলিশ মোতায়েন করা।
জুমার নামাজের পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল করতে পারেনি বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩১ ঘ.
bdnews24