২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থন থাকলেও জামায়াতের কর্মসূচিতে অংশ নেবে না বিএনপি

মতিউর রহমান নিজামীসহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচির প্রতি বিএনপির সমর্থন থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 07:46 AM

Updated : 25 Aug 2022, 01:11 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিউর রহমান নিজামীসহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচির প্রতি বিএনপির সমর্থন থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তবে ওইসব কর্মসূচিতে বিএনপি সক্রিয়ভাবে অংশ নেবে না বলে জানান তিনি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংকালে দেলোয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। খোন্দকার দেলোয়ার বলেন, "নিজামী সাহেবসহ জামায়াত নেতাদের গ্রেপ্তারের নিন্দা করেছি আমরা। জামায়াতের কর্মসূচি তাদের দলীয় বিষয়। এটা তাদের দল পালন করবে। ওই কর্মসূচির প্রতি আমাদের সমর্থন থাকবে।" তিনি জানান, জামায়াতের ওইসব কর্মসূচিতে বিএনপি অংশ নেবে না। দেলোয়ার বলেন, "জামায়াতে ইসলামী সরকার বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে বলে সরকার তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করেছে একটি মিথ্যা সাজানো মামলায়। এরপর তারা আরও মামলা দিয়ে তাদের আটক রেখেছে। এটা সরকারের অগণতান্ত্রিক ও অবৈধ কর্মকাণ্ড।" নিজামীসহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে জামায়াত ৩০ জুন ও ১ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার সারাদেশে মসজিদে মসজিদে জুমার নামাজের পর দোয়া মাহফিল করার কর্মসূচি দিয়েছে। গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে পুলিশ গ্রেপ্তার করে। পরে ৫টি মামলায় তাদের ১৬ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৩৬ ঘ.