খুলনা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় ট্রাকচালকের ধাক্কায় আহত ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম মনির (৩০) মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আহত হওয়ার পর রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, নিহত মনিরের বাড়ি নড়াইলের কালিয়া থানার রাজাপুর গ্রামে। শুক্রবার দুপুরে খুলনায় নামাজে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
তিন বছর আগে ২০০৭ সালের ৩০ জুলাই পুলিশ বিভাগে যোগ দিয়েছিলেন মনির। তার অকাল মৃত্যুর খবরে সহকর্মী ও পরিবারের সদস্যদের আহাজারীতে বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে।
স্বজনদের সান্ত্বনা দিতে হাসপাতালে ছুটে যান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং কেএমপির কমিশনার হেলাল উদ্দিন বদরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
সদর থানার ওসি মো. মামুন খান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মনির। এসময় একটি ট্রাক ময়লাপোতা মোড় অতিক্রম করে গল্লামারীর দিকে যাচ্ছিলো। দিনে নগরীতে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকায় সার্জেন্ট মনির চালককে ট্রাকটি থামানোর সংকেত দেন।
তিনি বলেন, "কিন্তু চালক না থামিয়ে ট্রাকটি দ্রুতগতিতে চালিয়ে গল্লামারীর দিকে অগ্রসর হন। এসময় সার্জেন্ট মনির মটরসাইকেলে পিছু ধাওয়া করে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিরালা তাবলীগ মসজিদের অদূরে এসে ট্রাকটি থামানোর চেষ্টা করে।
"এসময় চালক ট্রাকটির গতি কিছুটা কমান। তখন মনির ট্রাকচালকের আসনের পাশের পাদানিতে উঠে পুনরায় ট্রাকটি থামাতে বলেন। তখন চালক ট্রাকটি না থামিয়ে সার্জেন্ট মনিরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মনির গুরুতর আহত হন।"
ওসি জানান, এরপর একটু দূরে ট্রাকটি ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। গুরুতর আহত সার্জেন্ট মনিরকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ট্রাফিক সার্জেন্ট আবুল বাশার বাদী হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপারকে শুক্রবার দুপুর ১২ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২১৯ ঘ.
bdnews24