চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর ভবনের সামনে প্রতীক অবস্থান কর্মসূচি পালন করেছে পোর্ট ইউজার্স ফোরাম।
বন্দরের 'দক্ষতা কমে যাওয়া ও দুর্নীতি বাড়ার' প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ১০ মিনিটের এ অবস্থান কর্মসূচি পালন করে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের এই সংগঠন।
এর আগে সকালে ব্যবসায়ীরা চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক সভায় মিলিত হন।
চট্টগ্রাম চেম্বার সভাপতি ও সরকারদলীয় সাংসদ এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বন্দর ব্যবহারকারীদের সভায় বক্তারা চট্টগ্রাম বন্দরের ক্রমাবনতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সভায় বিজিএমইএ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ মাস্টার্স স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
তারা বলেন, চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল এখন আড়াই দিন থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে। পোশাক শিল্পের আমদানিকৃত কাঁচামাল খালাসে আগের চেয়ে অন্তত সাত দিন বেশি সময় লাগছে।
সবমিলিয়ে শ্রমিক-কর্মচারীদের 'অদক্ষতা' ও 'ঘুষ-দুর্নীতির' কারণে চট্টগ্রাম বন্দর এক-এগারোর আগের পরিস্থিতিতে ফিরে যাচ্ছে বলে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন।
এছাড়া, বৈঠকে বন্দর ব্যবহারকারী ফোরামের নেতারা বন্দরে অব্যবস্থাপনার জন্য নৌ পরিবহন মন্ত্রী, সংসদীয় কমিটি ও বন্দরের উর্ধতন কর্মকর্তাদের সমালোচনা করে বর্তমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সভা শেষে ব্যবসায়ীরা বন্দর ভবনের সামনে গিয়ে ১০ মিনিট প্রতীক অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় চেম্বার সভাপতি এম এ লতিফ সাংবাদিকদের বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আমলাদের দিয়ে চট্টগ্রাম বন্দর চালানো যাবে না। তারা না বুঝে সিদ্ধান্ত দেয়। বন্দর চালাতে হলে বন্দর ব্যবহারকারীদের অংশগ্রহণ থাকা উচিত।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বন্দরের নাজুক পরিস্থিতি তুলে ধরে তার হস্তক্ষেপ চাওয়া হবে বলে তিনি জানান।
সকালে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, গত সাড়ে তিন বছরে বন্দরের অর্জিত দক্ষতা এখন ক্ষুন্ন হচ্ছে। শ্রমিকরা কথায় কথায় বন্দর অচলের হুমকি দিয়ে আগের সংস্কৃতি ফিরিয়ে আনছে। এ পরিস্থিতির জন্য নৌ-পরিবহন মন্ত্রী এবং বন্দর চেয়ারম্যানকে জবাবদিহিতা করতে হবে।
শিপিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী বলেন, আগে প্রতিটি জাহাজ দুই থেকে আড়াই দিন অবস্থান করলেও এখন গড়ে পাঁচ থেকে ছয় দিন অবস্থান করছে বন্দরে। পণ্য ওঠানামার ধীরগতির কারণে প্রতিদিন একেকটি জাহাজকে ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এর বাইরেও প্রতিটি জাহাজে অতিরিক্ত খরচ হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা।
তিনি এ অবস্থা থেকে পরিত্রাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনল্যান্ড কন্টেইনার ভ্যাসেলস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফি চৌধুরী, বাংলাদেশ মাস্টার ষ্টিভিডোরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ এইচ এম মনজুর আলম, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন প্রমুখ।
গত ১০ মে রাত ১২টা থেকে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থে নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য উঠানামা শুরু করে বন্দর কর্তৃপক্ষ। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ষ্টিভিডোরিং প্রথা বাতিল করে এ কার্যক্রম বেসরকারি বার্থ অপারেটরদের কাছে দেওয়া হয়। এ নিয়ে চারজন ষ্টিভিডোরের দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত এ বছরের ৯ মে বার্থ অপারেটরদের বদলে নিজস্ব ব্যবস্থাপনায় কাজ করার নির্দেশ দেয় বন্দরকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৫৮ ঘ.
bdnews24