২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষ, পুলিশের গুলিতে নিহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। ১৬ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৩৩ জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 08:51 AM

Updated : 25 Aug 2022, 01:08 PM

মুন্সীগঞ্জ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। ১৬ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৩৩ জন। সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যুর জেরে উপজেলার কুচিয়ামোড়ায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে গতিরোধ নির্মাণের দাবিতে বিক্ষোভকারী ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানায়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুপুর থেকে মহাসড়ক অবরোধ করে রাখে। স্থানীয় দুই সংসদ সদস্যের হস্তক্ষেপে প্রায় ৭ ঘণ্টা পর জনতা অবরোধ তুলে নেয়। নিহতের নাম- মোসলেম (৩২)। তিনি ওই এলাকায় কেয়াইন মধ্যচর গ্রামের মো. এহসানের ছেলে। তিনি পেশায় মাছ বিক্রেতা। বুকে গুলিবিদ্ধ হয়ে মোসলেম মারা যান। গুলিবিদ্ধদের মধ্যে আছেন- স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রনি ও উজ্জ্বল, অষ্টম শ্রেণীর সাগর সাহা ও কান্তি রাজবংশী, নবম শ্রেণীর আল আমিন, আলমগীর, ইসরাফিল, দিল মোহাম্মদ ও স্কুলের আয়া জরিনা, কলেজ ছাত্র জাহাঙ্গীর। এদের মধ্যে দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে কুচিয়ামোড়ায় দুর্ঘটনায় স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান (১১) নিহত হয়। এই ঘটনায় ছাত্ররা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসন গতিরোধ তৈরির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এলাকাবাসী সাংবাদিকদের জানায়, আশ্বাস অনুযায়ী বৃহস্পতিবার গতিরোধক তৈরি শুরু না করায় ছাত্ররা বেলা সাড়ে ১১টার দিকে আবারো সড়ক অবরোধ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্ররা গাড়ি ভাংচুর করতে শুরু করে। এতে বাধা দিলে তারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। প্রত্যক্ষদর্শী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমা কান্ত রায় বলেন, পুলিশ নির্বিচারে ছাত্র ও সাধারণ মানুষকে লাঠিপেটা এবং এক পর্যায়ে গুলি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, পুলিশের গুলিতে মোসলেম নিহত হওয়ার পর স্থানীয়রা মহাসড়কের ওপর লাশ রেখে মাইকিং করে লোক জমায়েত করতে থাকে। এ সময় অনেকের হাতে দেশি বিভিন্ন অস্ত্রও দেখা যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি। তিনি বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে মহাসড়ক থেকে লাশ সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর ঘটনাস্থলে জানান, সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। দুই সাংসদ নিহতের পরিবারকে সান্ত্বনা দেন। তারা এ ঘটনার জন্য পুলিশকে দায়ী করেন। আরেক প্রত্যক্ষদর্শী হান্নান মিয়া বলেন, এখানে যা ঘটেছে তাঁর জন্য দায়ী পুলিশ আর সড়ক ও জনপথের লোকজন। সময়মত গতিরোধক করে দিলে কিছুই হতো না। জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সায়দুজ্জামান ফারুকী জানান, ছাত্রদের সঙ্গে যোগ দিয়ে স্থানীয় লোকজনও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। তারা সিরাজদি খান থানার উপ-পরিদর্শক (এসআই) মুসফিকুর রহমানকে আটকে রাখে। তিনি দাবি করেন, পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিলো যে গুলি না করলে ওই এসআইকে মেরেই ফেলতো লোকজন। পুলিশ কর্মকর্তা ফারুকী জানান, আত্মরক্ষার জন্যই পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট, ২০ রাউন্ড রাইফেলের গুলি এবং ১২ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে তিনি, ওসি মিজানুর রহমান (৪৫), এসআই মুসফিকুর রহমানসহ (৪২) আট পুলিশ সদস্য আহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা থেকে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) পুলিশসহ আশপাশের এলাকা থেকে পুলিশ সদস্যদের তলব করা হয় বলেও জানান তিনি। ঘটনাস্থলে জেলা প্রশাসক মো. আজিজুল আলম সাংবাদিকদের বলেন, ঘটনাটি দুঃখজনক। পরিস্থিতি স্বাভাবিক করার সব চেষ্টাই চলছে। গুলি করার ব্যাপারে তিনি বলেন, পুলিশের গুলি করার মত পরিস্থিতি সুষ্টি হয়েছিল কি না, তা এখনই বলা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২২০৩ ঘ.