সাতক্ষীরা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
ভারত থেকে আমদানি করা পণ্যসহ বন্দরের কর্মচারী ইউনিয়নের এক নেতাকে আটক ও ভারতীয় ট্রাক চালককে প্রহারের ঘটনায় ভোমরা স্থলবন্দরে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
ফলে ভোমরা ও এর বিপরীতে ভারতের ঘোজাডাঙায় পন্যবাহী বহু ট্রাক আটকা পড়ে আছে।
ভোমরা সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, প্রায় দুই কোটি টাকা মূল্যের তিন ট্রাক ভারতীয় সিনথেটিক ফেব্রিকস মঙ্গলবার সন্ধ্যায় ভোমরা বন্দরে আসে। আমদানিকারক প্রতিষ্ঠান রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির মেসার্স রিয়ামনি এন্টারপ্রাইজের এই মালামাল ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট মেসার্স সুলতান এন্টারপ্রাইজের মাধ্যমে আমদানি করা হয়।
শুল্ক বিভাগ সূত্র জানায়, এ সংক্রান্ত বিল অফ এন্ট্রিসহ সকল কার্যক্রম সম্পন্ন করার পর তা একটি গুদামের জিম্মায় রাখা হয়। রাতে বিডিআর ওই তিন ট্রাক ফেব্রিকস ও ভোমরা বন্দর কর্মচারী ইউনিয়নের সহসভাপতি শওকত হোসেনকে আটক করে নিয়ে যায়।
এই ঘটনার প্রতিবাদে ভোমরা বন্দর সিএ্যান্ডএফ কর্মচারীরা বুধবার সকালে কর্মবিরতি শুরু করে।
ভোমরা কাষ্টমসের সুপারিনটেন্ডেন্ট জাহাঙ্গীর হোসেন জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় বুধবার সকালে একটি সাধারন ডায়েরি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিডিআর আমদানিকৃত পন্যসহ এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে গেলেও তার কোনো প্রাপ্তি রসিদ দেয়নি।
এদিকে বিডিআর ভোমরা ক্যাম্পের এক সদস্য বুধবার পরিচয় পত্র নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জামাল হোসেন নামের এক ভারতীয় ট্রাক চালককে মারধর করে।
এর প্রতিবাদে ভারতীয় ট্রাক চালকরা ভোমরা বন্দরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ফলে বুধবার আমদানি পন্যবাহী ভারতীয় কোন ট্রাক বাংলাদেশে ঢোকেনি।
ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় সেদেশের ট্রাকচালকরাও বিক্ষোভ প্রদর্শন করেছে ট্রাক চালকরা জানায়।
বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর জাহাঙ্গীর আলম জানান, কর্মচারী ইউনিয়নের কাউকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ক্যাম্পে আনা হয়েছিল মাত্র। বুধবার তাকে ছেড়েও দেওয়া হয়। তিনি আরও জানান, আমদানিকৃত তিন ট্রাক সিনথেটিক ফেব্রিকসে তল্লাশি চালিয়ে এর স্থলে কটন থ্রিপিস পাওয়া গেছে। ইনভয়েস-এ সিনথেটিক ফেব্রিকস আমদানি করার কথা উল্লেখ করা হলেও সেখানে লুকিয়ে কটন থ্রিপিস আনা হয়েছে।
ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, অচলাবস্থা নিরসনের জন্য আলোচনায় বসার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪১৭ ঘ.
bdnews24