চাঁপাইনবাবগঞ্জ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের অদূরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার ভোররাতে এ ঘটনার পর সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো। এতে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ছয়টি যাত্রীবাহী বগী ও একটি মালবাহী ওয়াগান নিয়ে ১৫ আপ মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে।
ভোররাত ৪টার দিকে স্টেশনের এক কিলোমিটার দূরে বিদিরপুর-মিলকী এলাকায় মালবাহী ওয়াগানটির চারটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি জানান, আমনুরা রেলওয়ে জংশন থেকে মেকানিক্যাল বিভাগের কর্মীরা এসে সকাল ১১টায় ওয়াগানটি উদ্ধার করে। এরপর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে জানায়, গত ২৯ মে স্টেশন সংলগ্ন হোম সিগন্যালের কাছে যাত্রীবাহী ট্রেনের একটি বগি একইভাবে লাইচ্যুত হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৩ ঘ.
bdnews24