ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম))- প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে জাতীয় সংসদে মঙ্গলবার অর্থবিল-২০১০ পাস হয়েছে।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ ও কতিপয় আইনের সংশোধনে আনীত অর্থ বিল -২০১০ সংসদে উত্থাপন করেন। তা পরে কণ্ঠভোটে পাস হয়।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও এ সময় সংসদে ছিলেন।
১ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হবে নতুন অর্থবছর।
সংসদে বাজেট অধিবেশন শুরু হয় ২ জুন। ১০ জুন আগামী ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট অধিবেশনের শুরুর দিন বিএনপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/আরএ/জিএনএ/২১৩০ ঘ.
bdnews24