২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামীউলকে হত্যার কথা স্বীকার করলো আরিফ

রাজধানীর আদাবরে ছয় বছরের শিশু সামীউল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সামসুজ্জামান আরিফ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 03:12 PM

Updated : 25 Aug 2022, 01:00 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে ছয় বছরের শিশু সামীউল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সামসুজ্জামান আরিফ । মঙ্গলবার আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকার মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন দুপুর ২টা থেকে বিকাল ৫ পর্যন্ত তার খাসকামরায় আরিফের জবানবন্দি নেন। জবানবন্দি নেওয়া শেষ হলে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে গত সোমবার র‌্যাব সদস্যরা তাকে সাংবাদিকদের সামনে হাজির করলে শিশুটিকে হত্যার কথা তিনি স্বীকার করেন। রোববার রাতে র‌্যাবের একটি গোয়েন্দা দল আরিফ ও তার ভাই নুরুজ্জামানকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে আদাবরের নবোদয় হাউজিং লিমিটেডের একটি খালি প্লট থেকে মোহাম্মদপুরের গ্রিন উডস স্কুলের নার্সারির ছাত্র সামীউল আজমের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির বাবা কে এম আজিজ বাদী হয়ে তার স্ত্রী আয়শা ও তার প্রেমিক আরিফকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মহানগর হাকিম কামরুন্নাহার রুমী এই মামলায় আরিফের দ্বিতীয় স্ত্রী সাথীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জহির জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চাওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএন/জেবি/এইচএ/২১১০ ঘ.