চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিচ্ছিন্ন করে দেওয়ার ২৬ ঘণ্টা পর চট্টগ্রাম নগর ভবনের বিদ্যুৎ সংযোগ আবার চালু করেছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের বৈঠকের পর মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে সংযোগ দেওয়া হয়।
নগর সংস্থা বকেয়া বিদ্যুৎ বিলের পরিমান প্রায় ৫১ কোটি টাকা। এর মধ্যে নগরভবনের বকেয়া সারচার্জসহ ১০ লাখ ৬৩ হাজার টাকা।
বকেয়া পরিশোধ না করায় সোমবার বিকাল ৩টায় নগরীর আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম নগর ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগের কর্মীরা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মাহফুজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিডিবি ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের বৈঠকে বকেয়া পরিশোধের ব্যাপারে সমঝোতার পর সংযোগ পুনরায় চালু হয়েছে।"
চট্টগ্রাম (পূর্ব) পিডিবি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী রইস উদ্দিন সরকার বলেন, সিটি করপোরেশন নগরভবনের বকেয়া বিল পরিশোধ করেছে।
তিনি জানান, আজ কালের মধ্যে আরো ৫০ লাখ টাকা পরিশোধ করবে বলেও নগর সংস্থার কর্মকর্তারা পিডিবিকে আশ্বস্ত করেছেন।
প্রকৌশলী রইস উদ্দিন জানান, নবনির্বাচিত মেয়র দায়িত্ব নেওয়ার পর বাকি বকেয়া বিল পরিশোধের উদ্যোগ নেওয়া হবে বলে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৫৮ ঘ.
bdnews24