২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার পরিবর্তন হলে আমাকে ফাঁসিতে ঝোলানো হবে: এরশাদ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের পরিবর্তন হলে সবার আগে তাকে জেলে নিয়ে ফাঁসির দড়িতে ঝোলানো হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 10:29 AM

Updated : 25 Aug 2022, 01:02 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের পরিবর্তন হলে সবার আগে তাকে জেলে নিয়ে ফাঁসির দড়িতে ঝোলানো হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এরশাদ এ আশঙ্কার কথা বলেন। সকাল ১১টায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সংসদে এরশাদ বলেন, "মহাজোট সরকারকে সফল করতে জাতীয় পার্টি সব সময়ই আছে। এই সরকারে আমাদের স্টেক সবচেয়ে বেশী। দেশের উন্নয়নের স্বার্থে মহাজোটকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার পরিবর্তন হলে আমাকে সবার আগে জেলে নেওয়া হবে। আমাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে।" এরশাদ বলেন, "অঙ্গীকার পূরণ করতে না পারলে সরকার বদলের অভিশাপ নেমে আসতে পারে। আসুন সকলে মিলে অঙ্গীকার বাস্তবায়ন করি। মহাজোটের বিজয়ের পেছনে রয়েছে অর্থনৈতিক উন্নয়নের অঙ্গীকার।" "আমরা দরিদ্র থাকতে চাই না। আমরা পরিশ্রম করে আমাদের ভাগ্য উন্নয়ন করতে পারি, সেটা প্রমাণ করতে চাই।" মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার আহবান জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, "আমাকে অবিশ্বাস করবেন না। আমাকে আপনাদের সাথে রাখেন।" "রাজনৈতিক ব্যর্থতার কারণে অনেক মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হয়নি। আমলাদের দোষ দিয়ে কোন লাভ নেই। আমলারা নানা মতের মানুষ হলেও, আমরাতো একই মতের মানুষ।" সম্পদের সুষম বন্টনেরও আহবান জানান এরশাদ। এরশাদ তাঁর বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক' আখ্যায়িত করেন। হরতালকে 'সাংবিধানিক অধিকার' হিসেবে উল্লেখ করলেও এরশাদ প্রশ্ন তোলেন, "গাড়ী পোঁড়ানো, সরকারি কর্মকর্তাকে মারধর করে মুমূর্ষু করা কী গণতান্ত্রিক অধিকার? এটাই কী হরতাল ?" প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হবে আশা করে সাবেক এই সেনা শাসক বলেন, "বাজেট বাস্তবায়নে আমরা সবাই মিলে সরকারকে সহায়তা করব।" প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'একজন মা' হিসেবে আখ্যায়িত করে এরশাদ বলেন, "তিনি (শেখ হাসিনা) দরিদ্র মানুষকে ভালোবাসেন। দয়া করে দরিদ্র মানুষের ওপর এমন করের বোঝা চাপাবেন না, যাতে তারা নিষ্পেষিত হয়।" এরশাদ তাঁর শাসনামলে নূর হোসেন হত্যাকান্ডের কথা উল্লেখ করে বলেন, "নূর হোসেন আমার সময় মারা গেছেন। কে তাকে হত্যা করেছে আমি জানি না। তবে তার জন্য একটি চত্বর করা হয়েছে। আপনারা সেখানে ফুল দেন। কিন্তু, গাইবান্ধায় সারের জন্য যে ১৮ জন কৃষক মারা গেছেন, তাদের কথা আপনারা বলেন না। কারণ, আমরা মফিজ। আমাদের জীবনের কোন মূল্য নেই।" তিনি বলেন, 'আমি সুযোগ পেলে ঐ ১৮ জন কৃষকের জন্য একটি চত্বর বানাবো।" এরশাদ তাঁর ৩৫ মিনিটের বক্তব্যের এক পর্যায়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "বাংলাদেশ সৃষ্টির পর অন্য কোনো কৃষিমন্ত্রী কৃষকদের এতো সাহায্য করেননি।" এরপর সাবেক এই রাষ্ট্রপতি বিভিন্ন গুণমুখী পদক্ষেপ নেওয়ায় শিক্ষা মন্ত্রী এবং খাদ্য মন্ত্রীকেও ধন্যবাদ জানান। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের উদ্দেশ্যে এরশাদ বলেন, "এ মন্ত্রণালয় অনেক কাজ করছে। এক সময় যোগাযোগমন্ত্রী জাতীয় পার্টি করতেন। হয়ত তিনি আমার থেকে অনেক কিছু শিখেছেন।" উত্তরবঙ্গের ১২টি ট্রেন বন্ধের সমালোচনা করে তিনি বলেন, "এসব ট্রেন চালু করুন।" বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাওয়ার আহবানও জানান এরশাদ। ফুলবাড়িয়া কয়লা খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষে মত দিয়ে এরশাদ বলেন, "কয়লা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কয়লা কিভাবে উত্তোলন করা যাবে তা ঠিক করবেন বিশেষজ্ঞরা। রাজনীতিবিদরা কিভাবে তা নির্ধারণ করবেন? দেশের উন্নয়নে কয়লা প্রয়োজন। তাই কয়লা থেকে রাজনীতি সরিয়ে নিন।" উত্তরাঞ্চলে উন্নয়নের দাবি জানিয়ে এরশাদ বলেন, "উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি সংকট গ্যাস ও বিদ্যুতের। উত্তরবঙ্গের ট্রেন চলাচল প্রায় বন্ধ। পঞ্চগড়, রংপুর, দিনাজপুরে পাইপ লাইনে গ্যাস দিন। প্রধানমন্ত্রীতো আমদেরই সন্তান। রংপুরের পুত্রবধু।" তিনি বলেন, "রংপুরে এ বছর ১৫ লাখ টন চাল উৎপাদন হয়েছে। আর আমরা পেয়েছি মাত্র ৫ লাখ টন। বাকী ১০ লাখ টন আমরা আপনাদের খাওয়াই। রংপুরের মানুষ কী বলে জানেন ? তারা বলেন, 'হামাক চাইল খ্যায়ে বাঁচি থাকেন, আর হামাক মফিজ বলেন, শরম লাগে না'।" তিনি বলেন, "ঢাকা ক্রমশ বসবাসের অনুপযোগী শহর হয়ে উঠেছে। এ শহরে ৩০ লাখ লোক বাস করতে পারে; অথচ ১ কোটি ৩০ লাখ মানুষ এখন ঢাকায় আছে।" এ অবস্থা থেকে মুক্তি পেতে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর দাবি জানিয়ে এরশাদ বলেন, "প্রয়োজনে এজন্য প্রধানমন্ত্রী একটি সংসদীয় কমিটি গঠন করে দিতে পারেন।" এর আগে পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার প্রস্তাবিত বাজেটকে 'বাস্তব নির্ভর' হিসেবে আখ্যায়িত করেন। তবে সঞ্চয়পত্রের উপর আরোপিত কর প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। পরিকল্পনা মন্ত্রী বলেন, "সরকারের প্রকল্প বাস্তবায়ন দ্রুত করা গেলে বাজেটের সুফল পাওয়া যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/১৬৪৫ঘ.