সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে
লন্ডন, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'কোনো দায়িত্ব নেওয়ার সময় এখনো হয়নি'- বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
লন্ডনের হোটেল পার্ক লেন হিলটনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করার পর প্রবাসী সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে একথাই বললেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে।
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য জিল্লুর রহমান এখন বিদেশ রয়েছেন।
রোববার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর রেহানা সাংবাদিকদের বলেন, ''যোগ্যতা বলে একটি কথা আছে। আমার এখনও অনেক কিছু শেখার আছে। আমি এখনও শিখছি। কোনো দায়িত্ব নেওয়ার আমার সময় হয়নি।''
পুরোনো দিনের কথা মনে করতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন, ১৯৮৩ সালের ২১ শে ফেব্র"য়ারি শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় সঙ্গে কাউকে পাননি।
চাচাতো ভাইকে নিয়ে ফুল দিতে গিয়েছিলেন।
''শূন্যস্থান পূরণের সময় আমি থাকি। এর বেশি কিছু না'', বলেন রেহানা।
শেখ হাসিনার কারাবন্দিত্বের সময় দলের কাজ করার বিষয়ে জানতে চাইলে বর্তমান প্রধানমন্ত্রীর ছোট বোন বলেন, ''তত্ত্বাবধায়ক সরকারের সময়টি আমার কাছে একটি চ্যালেঞ্জ ছিল। কারো কারো হেড লাইন হওয়ার চিন্তা থাকে, কেউ লাল ফিতা কাটেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি সবাইকে সাহায্য করতে। ''
'৭৫ এর স্মৃতিচারণ করে রেহানা বলেন, ''আমি '৭৫ এর পরে অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি। আগে কষ্ট কি তা বুঝিনি। মা আমাদের কোনো কষ্টই বুঝতে দেননি। তারপরও শারীরিক, মানসিক ও অর্থনৈতিক সবকিছু সামলে নিয়ে এগুতে হয়েছে আমাকে। যখনই দেখি আমি সাহায্য করতে পারবো তখনই এগিয়ে যাই। ''
বলতে থাকেন তিনি, "রাস্তায় বয়স্ক কাউকে দেখলে তার হাতের ব্যগটি আমি তুলে নিই। বাচ্চা নিয়ে কেউ বাসে চড়লে আমার নিজের বাচ্চার কথা মনে পড়ে যায়। তাকে আমি সাহায্য করি। এই সাহায্য করার মধ্যে অনেক আনন্দ। মানুষকে সাহায্য করতে পারার মধ্যে অনেক আনন্দ আছে। আমার বাবা মা-দাদা-দাদীর এই শিক্ষাটা পেয়েছি।''
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফরে কবে আসবেন জানতে চাইলে তার ছোট বোন বলেন, ''লন্ডনের ব্যাপারে বড় আপার দুর্বলতা অন্যরকম। এখান থেকেই আমাদের সব কিছু শুরু। সেই আগরতলা ষড়যন্ত্র মামলা বলুন, আর একাত্তরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বলুন- সব লন্ডন থেকে শুরু। বাংলাদেশের পরেই লন্ডনের মানুষের জন্য আপার মন পড়ে থাকে।''
মেয়ে টিউলিপের কথা বলতে গিয়ে মা রেহানা প্রশংসায় মুখর হয়ে উঠেন। লন্ডনের নবনির্বাচিত কাউন্সিলর টিউলিপ সিদ্দিকী এবারের নির্বাচনে সবচেয়ে কমবয়সী বাঙালি কাউন্সিলর। মেয়ে সম্পর্কে তিনি বলেন, ''টিউলিপ এখন ব্রিটিশ রাজনীতির সঙ্গে যুক্ত। আপনারা জানেন, আমার মেয়ে আপনাদের একটা ফোন পেলে সঙ্গে সঙ্গে জবাব দেয়। ই-মেইল পেলেও দ্রুত জবাব দেয়। সে পাঁচ মিনিটও দেরি করবে না।''
প্রথম প্রবাস জীবনের স্মৃতিচারণ করে রেহানা বলেন, "৭৫-এর ভয়াবহ ঘটনার পর '৭৬ সালে আমি লন্ডনে আসি। অনেক ছোট তখন। ১৯৭৯ সালে লন্ডনে শন ম্যাকব্রাইডকে নিয়ে তদন্ত কমিটি গঠন করি। আর্ন্তজাতিক এই কমিটিতে দুইজন আইনজীবী ছিলেন। টাকা পয়সা কিছুই ছিল না আমার। তখন এই প্রবাসীরা সহযোগিতা করেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী স্যার টমাস উইলিয়ামের সঙ্গে দেখা করতে চাই। তার সঙ্গে দেখা করতে আমার এক বছর সময় লাগে। এখনতো আমার টিউলিপও রাজনীতি করে, ব্রিটিশ পার্লামেন্টে যোগাযোগ করতে চাইলে সহজেই তা পারি।''
রেহানা বলেন, "স্যার টমাস উইলিয়াম যখন আগরতলা ষড়যন্ত্র মামলার জন্য ঢাকা গিয়েছিলেন তখন ৩২ নম্বরে ছোট মেয়ে হিসাবে আমি তাকে চা করে খাইয়েছিলাম। এসব কথা শোনাই তাকে। তাকে অনুরোধ করি আমি এখান থেকে একটা কিছু করতে চাই।
"তখন তিনি আমাকে বলেন, 'দেখ আমি এখন কুইন্স কাউন্সিল। এসব কাজ আর করি না। তবে আমি তোমাদের আইনজীবী ঠিক করে দিচ্ছি।'"
এরশাদ শাসনামলে বড় বোন হাসিনার গ্রেপ্তারের ঘটনা বর্ণনা করতে গিয়ে রেহানা বলেন, ''১৯৮৩ সালে আমি প্রথম ঢাকায় যাই। দিনটি ছিল ২১ জানুয়ারি। ১৪ অথবা ১৫ ফেব্র"য়ারি আপাকে গ্রেপ্তার করা হয়। আমি তখন টুঙ্গি পাড়ায় আব্বার কবর জিয়ারত করতে গেছি। গাড়ি থেকে নামতে পারি নাই। শুনি, আপাকে গ্রেপ্তার করা হয়েছে। মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঢাকায় ফিরে আসলাম। আমিও ঢাকা ফিরলাম, আপাও জেলে। সারা জীবন সেই নাজিম উদ্দিন রোডের জেলখানা দেখেছি। ঢাকা ফিরে এসে আপাকে খুঁজতে গেলাম। জেলখানায় তিনি নেই। ঢাকা সেন্ট্রাল জেলে গেলাম, সেখানেও নেই। পরে শুনলাম হেয়ার রোডের একটি বাড়িতে আপাসহ তিনজনকে আটকে রাখা হয়েছে। আইভি চাচী ও মতিয়া চৌধুরীও ছিলেন আপার সঙ্গে। আবার শুরু হলো সেই সংগ্রাম। তারপর আসলো ২১শে ফেব্র"য়ারি। দলের সবাই আন্ডারগ্রাউন্ডে। আমার সঙ্গে আমার চাচাতো ভাই হেলাল আর হাশেম বলে একজন ছিলেন। আমরা তিনজন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যাই।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/জিএনএ/২৩২০ ঘ.
bdnews24