ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতালের সময় গ্রেপ্তারকৃত ছয় নেতাকর্মীর মুক্তি দাবি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
নেতাকর্মীদের মুক্তি না দিলে ১ জুলাই থেকে অনির্দিষ্টকাল ক্যাম্পাসে ধর্মঘট ডাকার হুমকি দেন বিরোধীদল বিএনপির সহযোগী সংগঠনটির নেতারা।
রোববার বিএনপির ডাকা হরতাল চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বাযক গোলাম মাওলা শাহিনসহ ছয়জন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।
বাকিরা হলেন- যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, কর্মী কাইয়ুম, বাপ্পি, আল-আমিন ও আমিন মোল্লা।
সোমবার দুপুর ১টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে সমাবেশ করে ছাত্রদল।
এতে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান প্রমুখ।
এর আগে সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করে।
কোতয়ালি থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃত পাঁচ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৩১ ধারায় মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএসবি/২১০১ ঘ.
bdnews24