২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়ায় গাছচোরদের হামলায় আহত ২

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছচোরদের হামলায় বন বিভাগের কর্মকর্তাসহ দুজন আহত হয়েছে। এ সময় তাদের গাড়িও ভাংচুর করে চোররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 04:56 PM

Updated : 25 Aug 2022, 12:52 PM

মৌলভীবাজার, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছচোরদের হামলায় বন বিভাগের কর্মকর্তাসহ দুজন আহত হয়েছে। এ সময় তাদের গাড়িও ভাংচুর করে চোররা। শনিবার সন্ধ্যার এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় বনবিভাগ অভিযোগ করেছে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার রেঞ্জের রেঞ্জার এ কে এম আজহারুল ইসলাম (৪৫) ও বনরক্ষী অজিব উল্লা (৪০)। তাদেরকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রোববার রেঞ্জার আজহারুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার বনদস্যু সাধুর নেতৃত্বে একদল সংঘবদ্ধ গাছচোর উদ্যানে ঢুকে গাছ কাটছিলো। খবর পেয়ে লাউয়াছড়া তিনি কয়েকজন বনকর্মীকে সঙ্গে নিয়ে তাদের ধাওয়া করেন। এ সময় চোররা ধারালো দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। তিনি জানান, এক পর্যায়ে তারা গাড়ি নিয়ে পালিয়ে আসতে বাধ্য হন। এরপর চোরেরা কেটে ফেলা কয়েকটি গাছ নিয়ে যায়। শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এ ঘটনায় বন বিভাগ একটি লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে সেটা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৪ ঘ.